নারায়ণগঞ্জ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দরকে আন্তর্জাতিক মানের কন্টেইনার বন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, "ভারতের সঙ্গে করা চুক্তি অনুযায়ী নারায়ণগঞ্জসহ চট্রগ্রাম, মংলা ও পটুয়াখালী নৌ-বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে।"
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত বিআইডব্লিউটিএ'র নির্মাণাধীন বন্দর পরির্দশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বন্ধকৃত ফাইবার গ্লাস কারখানাটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় নতুন করে চালু করা হবে।
বন্দর পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া, নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ বি এম আমিন উল্লাহ নুরী, পুলিশ সুপারিনটেনডেন্ট বিশ্বাস আফজাল হোসেনসহ বিআইডব্লিউটিএ'র উর্ধ্বতন কর্মকর্তারা।
পরে মন্ত্রী নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত বিআইডব্লিউটিএ'র ফাইবার গ্লাস কারখানা পরির্দশন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.
bdnews24