ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণের পর নির্বাচন কমিশন নিবন্ধিত সব রাজনৈতিক দলের গঠনতন্ত্র যাচাই-বাছাই করবে বলে জানিয়েছেন এক নির্বাচন কমিশনার।
মঙ্গলবার শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
পঞ্চম সংশোধনী বিষয়ে আদালতের রায়ের আলোকে সরকার শিগগির সংবিধান পুনর্মুদ্রণ করবে বলে সোমবার জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তার মতে, এ পুনর্মুদ্রণ সংবিধান সংশোধন নয়।
সোমবার আইনমন্ত্রী বলেন, "সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। পঞ্চম সংশোধনীর আগে এতে ধর্মভিত্তিক রাজনীতির কোনো সুযোগ ছিল না। ফলে সংশোধনী পুনর্মুদ্রণের পর এর আর কোনো সুযোগ থাকবে না।
"তবে এ বিষয়ে আইন অনুযায়ী নির্বাচন কমিশনই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।"
আইনমন্ত্রীর বক্তব্য বিষয়ে নির্বাচন কমিশনার সাখাওয়াত মঙ্গলবার বলেন, "শুধু ধর্মভিত্তিক দল নয়, নিবন্ধিত সব দলের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কি না তা যাচাই-বাছাই করা হবে।"
"দলীয় গঠনতন্ত্রে সাংঘর্ষিক বিষয় থাকলে তা সংশোধনে সময় দেওয়া হবে। সংশোধন করতে ব্যর্থ হলে ইসির আইন অনুযায়ী নিবন্ধন বাতিল করা হবে," বলেন এই নির্বাচন কমিশনার।
তিনি জানান, সংসদ নির্বাচনে অংশ নিতেই যে কোনো দল নিবন্ধন করে। নিবন্ধন ছাড়া দল রাজনীতি করতেও পারছে। দলের রাজনীতি ইসি নিষিদ্ধ করতে পারবে না। তবে সরকার কোনো দল নিষিদ্ধ করলে দলটি নিবন্ধিত হলে সে নিবন্ধন বাতিল হয়ে যাবে।
বর্তমানে ইসিতে ৩৮টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। গত সংসদ নির্বাচনের আগে একশ' ১০টিরও বেশি দল নিবন্ধনের জন্য আদেবন করে।
এম সাখাওয়াত হোসেন জানান, নির্বাচনে অংশ নিতে যে কোনো দলই নিবন্ধনের শর্ত পূরণ করে ইসির কাছে আবেদন করতে পারে। একবার নিবন্ধন বাতিল হয়ে গেলে পরবর্তী সময়েও বিধিমালা মেনে নিবন্ধন চাইতে পারে যে কোনো দল।
আরেক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার জানান, আগামী ডিসেম্বর থেকে ফেব্র"য়ারির মধ্যে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও ঢাকা সিটি করপোরশেন নির্বাচন করা হবে।
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাত
সকালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার নেতৃত্বে অন্য দুই নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এ বিষয়ে সাংবাদিকদের জানান, তিন নির্বাচন কমিশনার সৌজন্য সাক্ষাত করতে বঙ্গভবনে যান সকাল ১১টায়।
এ সময় রাষ্ট্রপতির কাছে তিনশ' সংসদীয় আসনের মানচিত্র সম্বলিত 'কন্সটিটিউয়েন্সি ম্যাপস অব বাংলাদেশ' বইটি উপহার দেন।
নবম সংসদ নির্বাচনের আগে দেশের সংসদীয় এলাকার নতুন সীমানা পুনঃনির্ধারিত হয়। জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভোটার সংখ্যা উল্লেখ করে এই প্রথম এ ধরনের মানচিত্র সম্বলিত সংসদীয় আসনের বই প্রকাশ হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯২৪ ঘ.
bdnews24