খুলনা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকম) - চাকরি স্থায়ী করাসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনাঞ্চলের সাতটি রাষ্ট্রায়াত্ত পাটকলের বদলি শ্রমিকরা মঙ্গলবার পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বদলি শ্রমিক দাবি আদায় সমন্বয় কমিটির ডাকে প্লাটিনাম, ক্রিসেন্ট, আলিম, ইস্টার্ন, স্টার, জেজেআই ও কার্পেটিং পাটকলে এ কর্মসূচি পালিত হয়।
জ্যেষ্ঠতার ভিত্তিতে শূন্য পদে চাকরি স্থায়ীকরণের দাবিতে সাতটি পাটকলের প্রায় ২০ হাজার বদলি শ্রমিক আন্দোলন করে আসছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পৃথকভাবে পাটকলগুলোতে মানববন্ধন ও সমাবেশ করে তারা।
শুক্রবার বিকাল ৩টায় খালিশপুর শিল্পাঞ্চলে শ্রমিক সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
বদলি শ্রমিক দাবি আদায় সমন্বয় কমিটির আহবায়ক নূর ইসলাম সাংবাদিকদের জানান, জরুরি অবস্থা চলাকালে শ্রমিকদের কম মজুরি দেওয়া হয়েছিলো, তার ক্ষতিপূরণ এবং ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা এককালীন দিতে হবে।
রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলে প্রায় ২০ হাজার বদলি শ্রমিক রয়েছে। জেষ্ঠ্যতার ভিত্তিতে তাদের চাকরি স্থায়ী করতে হবে।
প্লাটিনাম জুটমিলে মানববন্ধন চলাকালে সমন্বয় কমিটির আহবায়ক নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জাকির হোসেন, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, সিরাজ হোসেন প্রমুখ।
ক্রিসেন্ট জুটমিলে শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- মানিক পারভেজ, আবু সালেহ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৪ ঘ.
bdnews24