ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল ও সিলেটে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৪ জন।
সকাল ৯টার দিকে গৌরনদীতে বরযাত্রীবাহী নসিমন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে তিনজন। আহত হয়েছে ১২ জন।
দুপুর ১টার দিকে সিলেটে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২২ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরিশাল প্রতিনিধি জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তারাকুপি এলাকায় নছিমন (স্থানীয় যান্ত্রিক যান) ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
নিহতরা হলেন- উজিরপুরের কালিহাতা গ্রামের আব্দুল গণি শেখের স্ত্রী হোসনে আরা বেগম (৩৫), গৌরনদীর বাটাজোর গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী নাছিমা বেগম (২৫) ও ভাগ্নি ফাতেমা (৯)।
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এরা হলেন-পারভিন বেগম (২২) ও সোহাগ (২০) আলেয়া বেগম (৪৫) ও নাছির হোসেন (৩২)।
বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পরিবারের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে গৌরনদীর বাগমারা গ্রামের মতলেব বেপারীর মেয়ে পারভিন বেগমের সঙ্গে উজিরপুরের কালিহাতা গ্রামের ছত্তার ফকিরের ছেলে হানিফ ফকিরের বিয়ে হয়।
মঙ্গলবার সকাল ৯টার দিকে নছিমনে করে কনে নিয়ে বরের বাড়ি কালিহাতায় ফিরছিলেন তারা।
গৌরনদী থানার ওসি নুরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সিলেট প্রতিনিধি জানান, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই জুনায়েদ (২) নামে এক শিশু মারা যায়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেবুর রহমান (৫০)।
জুনায়েদ কোম্পানীগঞ্জ উপজেলার ডালারপাড় এলাকার সফিক মিয়ার ছেলে। সোহেবুরের বাড়িও একই এলাকায়।
দুর্ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ময়না তদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭৩২ ঘ.
bdnews24