আল আমীন দেওয়ান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় বছর আগে দাতা সংস্থার ঋণের ওপর ভর করে নেওয়া প্রকল্পটি আজও মাঠে গড়ায়নি। ইতিমধ্যেই বাস্তবায়ন ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৭৩৭ কোটি টাকা। দাতা সংস্থা তাদের প্রতিশ্র"তি অনুযায়ী অর্থ দেওয়ার পরও শুধু গড়িমসি ও সিদ্ধান্তহীনতার কারণে এই বাড়তি টাকার মাশুল গুণতে হবে সরকারকে।
আর টাকার সংস্থান না হলে চট্টগ্রাম ওয়াসার 'কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প'-এর ভবিষ্যত হয়ে পড়বে অনিশ্চিত।
২০০৪ সালে জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) অর্থ সহায়তায় রাঙ্গুনিয়ার পোমরায় ৯শ' ৬৩ কোটি টাকায় প্রকল্পটি গ্রহণ করা হয়েছিলো। যেখানে জাইকার ৬ শ' ৯০ কোটি ও বাংলাদেশ সরকারের ২ শ' ৭৩ কোটি টাকা অর্থায়ন করার কথা ছিলো।
ছয় বছর পর ২০১০ সালে যেখানে প্রকল্পটি বাস্তবায়িত হয়ে উৎপাদনে যেতে পারত সেখানে ১১ কোটি টাকার ভুমি অধিগ্রহণ ছাড়া আর কোনো কাজই হয়নি। অথচ প্রকল্পটির সর্বমোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ন্যূনতম ১৭০০ কোটি টাকা, যা প্রকল্প অনুমোদনের মূল বরাদ্দের চেয়ে ৭ শ' ৩৭ কোটি টাকা বেশি। এই বাড়তি ব্যয় দাতা সংস্থার দেওয়া টাকা থেকেও ৪৭ কোটি টাকা বেশি।
প্রতিশ্র"ত অর্থের বাইরে দাতা সংস্থা কোনো টাকা দিতে অপারগতা জানানোয় প্রকল্পটি বাস্তবায়নে সরকারকে মোট যোগান দিতে হবে এক হাজার ১০ কোটি টাকা। যে টাকায় কোনো দেশ বা সংস্থার ঋণ ছাড়াই প্রকল্পটি বাস্তবায়ন করে আরো উদ্বৃত্ত থেকে যেতো।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী ও প্রকল্পটির পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমলাতান্ত্রিক গড়িমসি ও নানা জটিলতায় আজও প্রকল্পের কাজ শুরু করা যায়নি। অথচ এটির এখন উৎপাদনে থাকার কথা।"
তিনি জানান, প্রকল্পটি হাতে নেওয়ার পর সিদ্ধান্তহীনতার কারণে পাঁচ বছরে প্রস্তাবিত ভূমিই অধিগ্রহণ করা যায়নি। ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে সেই ভূমি অধিগ্রহণ করা হয়।
ওয়াসা চেয়ারম্যান ফয়জুল্লাহ আরো বলেন, "এখনও প্রকল্পটি নিয়ে আমাকে বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির করতে হয়।"
শুধু সিদ্ধান্তহীনতার কারণে ছয় বছরেও প্রকল্পটি বাস্তবায়িত হয়নি জানিয়ে তিনি বলেন, "দীর্ঘসূত্রিতার কারণে দাতা সংস্থাও বিরক্ত। তারা কাজটি করার জন্য অত্যন্ত আন্তরিক থাকার পরও সেই সময়ে যারা প্রকল্পটি নিয়ে কাজ করেছে তাদের আন্তরিকতার অভাব ছিলো।"
তিনি জানান, এখন ব্যয় বেড়ে যে পরিমাণ টাকার বোঝা সরকারের ওপর চেপেছে তা দিয়েই কোনো ঋণ ছাড়াই প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব ছিলো।
এই বাড়তি টাকার সংস্থান আদৌ হবে কি না তা না জানলেও পূর্বের বরাদ্দ দিয়েই ২০১১ সালের প্রথম দিকে প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানান ওয়াসা চেয়ারম্যান।
এবার কাজ শুরু করতে না পারলে দাতা সংস্থা এই প্রকল্প থেকে সরে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
প্রকল্প পরিচালক শফিউল্লাহ জানান, প্রকল্পটি তিন প্যাকেজে ভাগ করা। প্রথমটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, দ্বিতীয়টি পাইপ লাইন প্রকল্প ও তৃতীয়টি জলাধার প্রকল্প। প্রথম প্যাকেজের দরপত্রের কাজ শেষ হয়েছে এবং তা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে।
এ প্রকল্প বাস্তবায়ন না হলে চট্টগ্রামে ভয়াবহ পানি সঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এজে/কেএমএস১৩২৩ ঘ.
bdnews24