ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশোধিত সংবিধানে আদিবাসীদের পরিচয় নৃতাত্ত্বিক গোষ্ঠী না হয়ে আদিবাসীই থাকবে বলে জানিয়েছেন এ বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি রাশেদ খান মেনন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে 'জাতীয় আদিবাসী ছাত্র যুব কনভেনশন' এর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন, "সংশোধিত সংবিধানে আদিবাসীদের সব অধিকারের নিশ্চয়তা দেওয়া হবে।"
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রব্বানী বলেন, আদিবাসী মানে 'আদি' যোগ 'বাসী' নয়। এ ধরনের শব্দগুলো বিশেষ অর্থ দিয়ে থাকে। আদিবাসী বলতে বোঝানো হচ্ছে-যারা বাঙালি সংস্কৃতির প্রভাবজাত নয়, কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক জাতির অধিকারী হয়ে আলাদাভাবে বসবাসকারী জনগোষ্ঠী।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, "বর্তমান সরকারের আগামী তিন বছর মেয়াদের মধ্যেই আমাদের অধিকারগুলো আদায় করতে সংঘবদ্ধ হওয়ার বিকল্প নেই।"
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেন, গণতান্ত্রিক সরকারগুলো সামরিক শাসনের বিরুদ্ধে কথা বলে থাকে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে স্বাধীনতা পূর্ব সামরিক শাসন এখনো বহাল আছে।
অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এইচ কে আরেফিন, শান্তি ও সংঘর্ষ বিভাগের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
কনভেনশনে আদিবাসীদের ১৬টি সংগঠন অংশ নিচ্ছে। এরমধ্যে রয়েছে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, আদিবাসী ছাত্র পরিষদ, হাজং ছাত্র ইউনিয়ন, রাখাইন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বর্মণ ছাত্র পরিষদ ও মাহাতো আদিবাসী ছাত্রসংগঠন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০০০৯ ঘ.
bdnews24