বাগেরহাট, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনে দুই দল বনদস্যুর মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার ভোররাতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়ি এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জেলে ও মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন।
তবে পুলিশ, বনবিভাগ ও উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড) খবরটি নিশ্চিত করেনি।
এ ব্যাপারে বাগেরহাটের পুলিশ সুপারিনটেনডেন্ট খন্দকার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন মাধ্যমে তারা খবরটি শুনেছেন। তবে উপকূলক্ষী বাহিনী ও বনবিভাগের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করা যায়নি।
এ ব্যাপারে তারা আরো খোঁজ খবর নিচ্ছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, বনদস্যু মানিক বাহিনীর প্রধান মানিক আকনসহ অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত পাঁচ বনদস্যু।
তবে তারা নিহত বাকি দুজনের পরিচয় জানাতে পারেনি।
সুন্দরবন থেকে ফিরে আসা কয়েকজন জেলে সাংবাদিকদের কাছে দাবি করেন, বনদস্যু রাজু বাহিনী ও মানিক বাহিনীর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।
শরণখোলা এলাকার সুন্দরবন কেন্দ্রিক মৎস্য ব্যবসায়ীরা জানান, মুক্তিপণের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।
সুন্দরবনের দুবলা ফিশারমেন গ্র"পের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জিয়া উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিক বাহিনী প্রধান মানিক নিহত হয়েছে বলে তিনি জেলেদের কাছে শুনেছেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, সুন্দরবনের দুবলা ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ ও কোস্টগার্ড পশ্চিম বিভাগের শরণখোলা কনটিনজেন্টের কর্মকর্তা লিয়াকত হোসেনের সঙ্গে যোগোযোগ করলে ঘটনা সম্পর্কে তারা কিছুই জানেন না বলে জানান।
মানিকের ভগ্নিপতি শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি গ্রামের মজিবর রহমান জানিয়েছেন, তিনি মানিকের মৃত্যুর খবর শুনেছেন।
মানিক শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা। প্রায় ১০ বছর ধরে তিনি সুন্দরবন ও সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে দস্যুতা চালিয়ে আসছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.
bdnews24