২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালুমহাল আইন-২০১০: ইজারা দেবে ভূমি মন্ত্রণালয়

বালুমহাল ও মাটি ইজারার একক কর্তৃত্ব ভূমি মন্ত্রণালয়কে দেওয়ার প্রস্তাবসহ 'বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০' সোমবার সংসদে উত্থাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 01:46 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বালুমহাল ও মাটি ইজারার একক কর্তৃত্ব ভূমি মন্ত্রণালয়কে দেওয়ার প্রস্তাবসহ 'বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০' সোমবার সংসদে উত্থাপিত হয়েছে। সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আলী আশরাফের সভাপতিত্বে আইন প্রণয়ন কার্যাবলীতে ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হীরা বিলটি উত্থাপন করেন। পরে বিলটি এক মাসের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার জন্য ভূমি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন সভাপতিমণ্ডলির সদস্য। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের কমপক্ষে দুই বছরের কারাদণ্ড বা সর্বনিু ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধানও রাখা হয়েছে বিলে। বিলে বলা হয়েছে, প্রয়োজনে বিদেশে বালু ও মাটি রপ্তানি করা যাবে। বর্তমানে বালুমহাল ইজারা দেওয়ার দ্বৈত কর্তৃত্ব রয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং নৌ মন্ত্রণালয়ের হাতে। গত ২ অগাস্ট মন্ত্রিসভার বৈঠকে বিলটি চূড়ান্ত অনুমোদন পায়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনায় কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে আলাদাভাবে তিনটি কমিটি গঠনের বিধান রাখা হয়েছে বিলে। পরিবেশ সম্মতভাবে ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ইজারা দেওয়ায় বালুমহাল সম্পর্কিত অপরাধগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালত ও বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে বিচারের বিধানও রাখা হয়েছে। তবে বিলে এই সংক্রান্ত অপরাধ জামিনযোগ্য রাখার প্রস্তাব করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিচারের দণ্ডাদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। একইভাবে জেলা ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে ৬০ দিনের মধ্যে দায়রা জজের আদালতে আপিলের বিধান রাখা হয়েছে। বালু বা মাটি রপ্তানির ক্ষেত্রে বিলে বলা হয়েছে, রপ্তানিনীতির আদেশের বিধান অনুসরণ ও কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিয়ে বালু ও মাটি বিদেশে রপ্তানি করা যাবে। বালু বা মাটি রপ্তানি সংক্রান্ত আইনের বিধিগুলো সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে প্রণয়ন করতে পারবে। প্রস্তাবিত বিলে যথাসময়ে সরকারের নির্দিষ্ট খাতে ইজারামূল্য জমা হলে ইজারা বাতিলের ব্যবস্থা রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৩৯ ঘ.