ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল- ২০১০ উত্থাপন করা হয়েছে।
সংসদে সোমবারের অধিবেশনে বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বিলটি যাচাই-বাছাইয়ের জন্য একদিনের সময় দিয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন- ২০০৯ এর ১৩(১) ধারাটি সংশোধনের জন্যই 'স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল-২০১০' উত্থাপন করা হয়।
১৩(১) ধারায় বলা হয়েছে, "ওয়ার্ডসমূহের সীমানা নির্ধারণের ক্ষেত্রে এলাকার ভৌগলিক অবস্থান এবং জনসংখ্যার বিন্যাস ও প্রশাসনিক সুবিধার প্রতি লক্ষ্য রাখতে হবে যাতে একটি ওয়ার্ডের লোকসংখ্যা অন্য ওয়ার্ড থেকে ১০শতাংশের কম বা বেশি না হয়।"
ওয়ার্ডওয়ারী লোকসংখ্যার পার্থক্য দশ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হলে কিছু সমস্যার সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, "পুরনো আইনে নির্বাচন উপযোগী সব ইউনিয়নে ওয়ার্ড নতুন করে বিভক্তির প্রয়োজন হবে। সেজন্য যথেষ্ট সময় প্রয়োজন হবে এবং এজন্য নির্বাচন অনুষ্ঠানে আরো বিলম্ব হবে। কিছু এলাকা খণ্ডিত হবে। কোনো কোনো পরিবর্তনে গ্রাম পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া, বাস্তবতা উপলব্ধি করে এক ওয়ার্ডের সঙ্গে অন্য ওয়ার্ডের জনসংখ্যার পার্থক্য দশ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা নাও হতে পারে।"
মন্ত্রী আরো বলেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন - ২০০৯ অনুযায়ী সর্বশেষ আদমশুমারির ভিত্তিতে ওয়ার্ডের লোকসংখ্যা দশ শতাংশের কম বা বেশি হলে অগণিত গ্রাম ও মৌজা ভাঙ্গা-গড়ার প্রয়োজন হবে। যা সামাজিকভাবে এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৯৪০ ঘ.
bdnews24