২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সমাবেশ ডেকেছে উপজেলা ভাইস চেয়ারম্যান পরিষদ

অবিলম্বে উপজেলা পরিষদ কার্যকরের দাবিতে ৩০ অক্টোবর বিভাগীয় সমাবেশ ডেকেছে বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান সমন্বয় পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে উপজেলা পরিষদ কার্যকরের দাবিতে ৩০ অক্টোবর বিভাগীয় সমাবেশ ডেকেছে বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান সমন্বয় পরিষদ। সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের চট্টগ্রাম শাখার নেতারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন পরিষদের বিভাগীয় সভাপতি ও রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ। তিনি বলেন, "উপজেলা পরিষদ কার্যকর করার দাবিতে আগামী ৩০ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।" আগামী ৩০ নভেম্বরের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যানদের সুনির্দিষ্ট দায়িত্ব, পদমর্যাদা ও নথি অনুমোদনের মাধ্যমে ক্ষমতার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত না করলে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানান নূর মোহাম্মদ। পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাশেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংহতি প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান সমন্বয় পরিষদের বিভাগীয় সাধারণ সম্পাদক এহছানুল হায়দার চৌধুরী বাবুল। নূর মোহাম্মদ বলেন, "নির্বাচনের ২০ মাস পরও সরকারের পক্ষ থেকে উপজেলা পরিষদকে কার্যকর করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।" এক্ষেত্রে সাংসদরা নিস্ক্রিয় ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, "ইউএনও, মন্ত্রী পরিষদ সচিব ও স্থানীয় সরকার সচিব উপজেলা আইন যথাযথভাবে অনুসরণ করছে না।" রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল বলেন, "চারশ ৬০ জন উপজেলা চেয়ারম্যানের মধ্যে তিনশ ৬০ জনই আওয়ামী লীগের। অথচ আজ আমাদের সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখতে হচ্ছে।" তিনি বলেন, সরকার কী মনে করে উপজেলা চেয়ারম্যানদের অবজ্ঞা করলে আগামী সংসদ নির্বাচনে তারা আমাদের সমর্থন পাবে? রাশেদা আক্তার বলেন, "গত ২০ মাসে কাজ করতে গিয়ে দেখেছি উপজেলা চেয়ারম্যান ও ইউএনওদের ক্ষমতার ভারসাম্য নেই। উপজেলা ভাইস চেয়ারম্যানদের ক্ষমতায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।" সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, অর্থ সম্পাদক জাফরুল ইসলাম চৌধুরী, ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, বাঁশাখালী উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, খাগড়াছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান বাশুরী মারমাসহ বিভিন্ন উপজেলার ভাইস চেয়ারম্যানরা। সংবাদ সম্মেলন শেষে উপজেলা চেয়ারম্যানরা প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধনে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৯০১ ঘ.