ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান মঙ্গলবারও চলবে বলে জানিয়েছে ঢাকা ওয়াসা।
সোমবার বিকাল পাঁচটার দিকে কর্তৃপক্ষ দিনের মতো কাজ শেষ করে। ঢাকা ওয়াসা সকাল ১০টায় এ উচ্ছেদ অভিযান শুরু করে।
ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াছিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। বিকাল পাঁচটায় শ্রমিকরা প্রথম দিনের মতো কাজ শেষ করেছে।"
তিনি জানান, অভিযান চলাকালে পাঁচটি পাকা ঘর, কয়েকটি ভবনের কিছু অংশ এবং ২০-২২টি বাঁশের তৈরি দ্বিতল ঘর ভেঙে ফেলা হয়েছে। মোহাম্মদপুরের জাফরাবাদের পুলপাড় বটতলা থেকে মোহম্মাদিয়া হাউজিং সোসাইটি পর্যন্ত এ খালের দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। এর মধ্যে বিভিন্ন স্থানে প্রায় আধ কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা রয়েছে।
জাফরাবাদের পুলপাড় বটতলা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
কাজী ওয়াছিউদ্দিন আরো বলেন, "কাঁটাসুর খাল উচ্ছেদের পাশাপাশি মঙ্গলবার রামচন্দ্রপুর খালের অবৈধ স্থাপনাসমূহ চিহ্নিতকরণের কাজ শুরু করা হবে।"
উদ্ধার অভিযানে র্যাব ও পুলিশ সদস্যরাও অংশ নেয়।
ঢাকা ওয়াসার চেয়ারম্যান গোলাম মোস্তফা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালগুলো দখলমুক্ত করার পর পুনঃখনন করা হবে। পাশাপাশি খালের উভয় পাড়ে পাঁচ ফুট প্রস্থের ওয়াকওয়ে নির্মাণসহ গাছ লাগানো হবে।
অক্টোবরের মধ্যেই খালগুলো দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গত ২৯ সেপ্টেম্বর নদ-নদীর নাব্যতা রক্ষা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে অক্টোবর মাসের মধ্যে ঢাকা ও এর আশপাশের ছয়টি খাল অবৈধ দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।
খালগুলো হচ্ছে
bdnews24