নাটোর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে মাদক চোরাকারবারিরা তিন ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাতে নাটোরের লালপুর উপজেলার অমৃতপাড়া বাজারে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটে। রাতেই দুজনের মৃত্যু হয়। আরেকজন মারা যান সোমবার দুপুরে।
বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে গাড়িটি লালপুর থানা চত্বরে ঢুকে পড়লে পুলিশ গাড়িসহ তিনজনকে আটক করে।
লালপুর থানা পুলিশ জানায়, মাদক চোরাকারবারি ঈশ্বরদীর নাজমুল হক (৪০), তার সহযোগী সোহান (২৭) ও সোহেল (২২) রাজশাহীর সীমান্ত এলাকা মীরগঞ্জ থেকে একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১৫-৮২৯২) করে আসার পথে বাঘা এলাকায় অজ্ঞাত এক পথচারীকে চাপা দেয়।
খবর পেয়ে বাঘা থানা পুলিশ বাঘা বাজারে তাদের আটক করার চেষ্টা করে ব্যর্থ হয়।
ঘটনাটি জানাজানি হলে লালপুরের অমৃতপাড়া বাজারের কয়েক'শ মানুষ বাঘা-ঈশ্বারদী সড়কের অমৃতপাড়া এলাকায় প্রাইভেটকারটি আটকের জন্য অবরোধ সৃষ্টি করে। রাত সোয়া ৯টার দিকে গাড়িটি সেখানে পৌঁছালে অবরোধকারীরা গাড়ি থামানোর চেষ্টা করে।
এ সময় গাড়িটি অবরোধকারীদের চাপা দিয়ে ঈশ্বরদীর দিকে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ধাওয়ার মুখে গাড়িটি লালপুর থানা চত্বরে ঢুকে পড়লে পুলিশ তিনজনকে আটক করে।
পুলিশ জানায়, গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে অমৃতপাড়া গ্রামের আব্দুল জলিল (৫৮) ও একই গ্রামের আখের প্রামাণিক (৬০) মারা যান। আহত হন আরো পাঁচজন।
আহতদের মধ্যে কাবিল ও আব্দুর রাজ্জাক নামের দুই ব্যাক্তিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোমবার দুপুর তিনটায় আব্দুর রাজ্জাক চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
নিহত আব্দুল জলিল ও আখের প্রামাণিকের লাশ সোমবার দুপুরে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠান হয়। আব্দুর রাজ্জাকের লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
আটক করা যুবকদের সোমবার দুপুরে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় নাটোরের জৈষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়।
তিন ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকা সত্বেও আটককৃতদের সন্দেহমূলক ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
'নিরাপদ সড়ক চাই' সংগঠনের নাটোর জেলা কমিটির সভাপতি গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, এলাকাবাসী গাড়িটি থামানোর চেষ্টা করছিলো। কিন্তু বাধা উপেক্ষা করে গাড়িটি লোকজনকে চাপা দিলে তিনজন মারা যায়। এই ঘটনায় হত্যা মামলা হওয়া উচিত। এটা না করা হলে অন্যায় হবে। নিহতদের আত্মীয় স্বজন ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন।
নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ জানান, গাড়ি থেকে আটক করা নাজমুল হক পাবনার ঈশ্বরদী থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
লালপুর থানার ওসি তোরিকুল ইসলাম গাড়ি চাপা দিয়ে তিন ব্যক্তিকে হত্যার বিষয়টি স্বীকার করে বলেন, নিহতদের পক্ষ থেকে মামলা না করায় আটক যুবকদের ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। সুনির্দিষ্ট মামলা হলে তাদের আবার গ্রেপ্তার দেখানো হবে।
৫৪ ধারায় করা মামলার তদন্ত কর্মকর্তা লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, আটক করা যুবকরা এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারী ও বিভিন্ন ধরণের অপরাধের সঙ্গে জড়িত।
রাজশাহীর সীমান্ত এলাকা মীরগঞ্জ থেকে মাদক সেবন ও বহন করার কারণে বেপরোয়া গাড়ি চালিয়েছে বলে ধারাণা করা হচ্ছে। তবে আটক করা গাড়ি তল্লাশি করে কোন মাদক পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৪ ঘ.
bdnews24