২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা সরে গেছে

সাভারের আশুলিয়ার মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভকারী শ্রমিকরা পুলিশের তৎপরতার মুখে কারখানা ভবন থেকে বেরিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 08:47 AM

Updated : 25 Aug 2022, 06:45 PM

সাভার, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ার মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভকারী শ্রমিকরা পুলিশের তৎপরতার মুখে কারখানা ভবন থেকে বেরিয়ে গেছে। দুপুর দেড়টার দিকে শ্রমিকরা চলে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (সাভার সার্কেল) মনোয়ার হোসেন জানান, শ্রমিকরা কারখানা ভবনের প্রধান ফটক ভেতর থেকে তালা মেরে বন্ধ রাখায় পুলিশ পেছন দিক থেকে ভেতরে প্রবেশ করে। পুলিশ ঢুকতে দেখে শ্রমিকরা তালা খুলে বেরিয়ে যায়। কারখানার সামনে অতিরিক্তি র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে পুলিশ জানায়, আউখপাড়া এলাকায় ডাইনেস্টি গ্র"পের তিনটি পোশাক কারখানা সোয়েটার বিডি লিমিটেড, ডাইনেস্টি নিট ফ্যাশন লিমিটেড ও মিলেনিয়াম সোয়েটার্স লিমিটেডের সাড়ে চার হাজার শ্রমিক সোমবার সকালে কারখানা ভবনে ঢুকে মজুরি (পিস রেট) বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার কয়েকজন কর্মকর্তাকে মারধরও করে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনটি কারখানা একই ভবনে অবস্থিত। তিন কারখানার শ্রমিকরা সকাল ৯ টার দিকে সাত তলা ভবনের ভেতরে বিক্ষোভ শুরু করে। তারা ভেতর থেকে ভবনের প্রধান ফটকে তালা দেয়।" তিনি বলেন, "এক পর্যায়ে সকাল ১০টার দিকে শ্রমিকরা কারখানার মানবসম্পদ কর্মকর্তা পুলিশের সাবেক এএসপি নুরুজ্জামান চৌধুরীকে মারধর করে। তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের হামলায় কারখানার নিরাপত্তা প্রধান মোজাফফর হোসেনও আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।" মোজাফফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২২৫ ঘ.