ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের সার্বিক উন্নয়নে মন-মানসিকতার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১০ উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে তিনি এই আহবান জানান।
সপ্তাহব্যাপী কর্মসুচির আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
শেখ হাসিনা বলেন, "শুধু আইন ও সনদ দিয়ে শিশুদের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এজন্য আমাদের মন-মানসিকতার পরিবর্তন করতে হবে।"
তিনি শিশুদের জন্য আরো কার্যকর উদ্যোগ গ্রহনে অভিভাবক, সামর্থ্যবান ব্যক্তি ও শিশু কল্যাণে নিবেদিত সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আহ্বান জানান।
এছাড়া শিশুর কোমল মনে প্রভাব ফেলতে পারে- এমন কোনো ভীতিকর ছবি বা সংবাদ প্রচার না করার জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য শিশুতোষ চলচ্চিত্র নির্মাণে নির্মাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, "বছরে অন্ততঃ একটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করুন।"
প্রধানমন্ত্রী বলেন, "আমরা ২০১১ সালের মধ্যে শতভাগ শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে ১৯ কোটি বই বিতরণ করা হয়েছে। এবার তা ২৩ কোটিতে উন্নীত করা হয়েছে। যাতে শিশুরা স্কুলে যায়।"
প্রধানমন্ত্রী মনে করেন, শিশুদের দুপুরে খাবারের ব্যবস্থা করা হলে শিশুরা স্কুলে যাওয়া থেকে বিরত হবে না। এ ক্ষেত্রে ইউনিসেফের সহায়তাও কামনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "উচ্চ মাধ্যমিক শ্রেনী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে শিক্ষার সুযোগ সৃষ্টি এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মেয়েদের বৃত্তি প্রদান করা হচ্ছে।"
এসব উদ্যোগের ফলে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিদ্যালয়ে শিশুদের অংশগ্রহনের হার বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন, "এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
দলের নির্বাচনী অঙ্গীকারে শিশুশ্রম বন্ধের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "পর্যায়ক্রমে সকল খাত থেকে শিশুশ্রম বিলোপ করব। ইতিমধ্যেই শহরাঞ্চলের কর্মজীবী শিশুদের জন্য কর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করেছি।"
প্রধানমন্ত্রী জানান, শিশু অধিকার নিশ্চিত করতে সরকার জাতীয় শিশু নীতি-২০১০ এর খসড়া প্রকাশ করেছে। সমাজের সব শ্রেনী ও পেশার মানুষের মতামতের ভিত্তিতে জাতীয় শিশু নীতি চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, "শিশুরা জাতির বড় সম্পদ। তাদের বেড়ে উঠার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা গেলে আজকের শিশুই আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে।"
শিশুদের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।
প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের প্রতি সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "তাদেরকে বোঝা হিসেবে না ভেবে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে। মানসিক বিকাশের সুযোগ তৈরি করতে হবে।"
সরকারি চাকুরিতে প্রতিবন্ধীদের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করার কথাও জানান প্রধানমন্ত্রী।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিসেফের আবাসিক প্রতনিধি ক্যারেল ডি রয়, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক-উল-ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দুইজন শিশু প্রতিনিধি সৈয়দ সাজ্জাদ অর্পব ও তানজিম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে শিশু একাডেমির কার্যক্রমের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/বিএম/কেএমএস/১৪০৬ ঘ.
bdnews24