ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ দফা দাবি আদায়ে উত্তরাঞ্চলের ১৬ জেলায় সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে শ্রমিকদের একটি সংগঠন। ওদিকে শ্রমিকদের দাবি নিয়ে দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রাজশাহী প্রতিনিধি জানিয়েছেন, রাজশাহী বিভাগীয় কমিশনারের সভা কক্ষে দুপুর সোয়া ১২টার দিকে ধর্মঘট আহ্বানকারী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায়, ডিআইজি এম ওবায়দুল্লাহ ও রাজশাহীর জেলা প্রশাসক দিলওয়ার বখত উপস্থিত আছেন।
বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে বগুড়া বাস-ট্রাক মালিক সমিতির ব্যানারে ধর্মঘট প্রত্যাহারের জন্য মাইকিং করা হচ্ছে।
ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ মিঠু সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের গতকাল আলোচনায় বসার জন্য বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছিলো। চিঠি না দেওয়ায় আমরা অংশ নেইনি। আজ চিঠি পেয়েছি। আলোচনায় বসবো। তারপর ঠিক হবে ধর্মঘট প্রত্যাহার করা হবে কি না।"
ধর্মঘটে বাস, মিনিবাস, কোচ, ট্রাক, ট্যাংকলরি, অটোটেম্পো, আটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাসসহ ইঞ্জিন চালিত যানবাহন বন্ধ রয়েছে বলে তিনি জানান।
গত ৩০ সেপ্টেম্বর ফেডারেশন বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনদিনের মধ্যে দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।
ফেডারেশনের উত্তরবঙ্গ অঞ্চলের আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক ও বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল লতিফ মণ্ডল রোববার সাংবাদিকদের জানান, দাবি পূরণে সরকারকে ৭২ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়েছিলো।
সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট আহ্বান করা হয়েছে।
তিনি জানান, আগের রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ১৬ জেলায় এই ধর্মঘট চলবে।
সম্প্রতি আটটি জেলা নিয়ে রংপুরকে বিভাগ করা হয়েছে।
শ্রমিক নেতা লতিফ বিভাগীয় প্রশাসনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন, "রাত ৯টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকে বসার জন্য ফোন করা হয়েছিলো। এ বিষয়ে কোনো চিঠি না দিয়ে ফোনে বলাটা যথেষ্ট নয়। বিভাগীয় কমিশনার আমাদের দাবির বিষয়ে কি বা করতে পারেন?"
শ্রমিক নেতারা জানান, তাদের দাবির মধ্যে রয়েছে- বাস, ট্রাক, কোচ শ্রমিকদের প্রতি পুলিশের হয়রানি, মিথ্যা মামলা প্রত্যাহারসহ মুরগী পরিবহনের ট্রাক থেকে পুলিশের অবৈধ চাঁদাবাজি বন্ধ, দিনাজপুর মটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো. ইলিয়াস হোসেন মুন্না এবং বগুড়া, পাবনা, জয়পুরহাট, নীলফামারী, গাইবান্ধা শ্রমিক ইউনিয়নের শ্রমিকসহ উত্তবঙ্গের পরিবহন শ্রমিক ও নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও মুক্তি, নসিমন, করিমনসহ স্থানীয় যান্ত্রিক যান বন্ধ, ব্যাটারি চালিত অটোরিকশা নির্ধারিত পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাইরে চলাচল বন্ধ, পরিবহন শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো ইত্যাদি।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, উত্তরাঞ্চলের ১৬ জেলা ও ঢাকাসহ সকল রুটে শ্রমিকদের অনির্দিষ্টকালের ডাকা পরিবহন ধর্মঘট সোমবার ভোর থেকেই শুরু হয়েছে।
তবে ঢাকা থেকে উত্তরাঞ্চলে যাতায়াতকারী দূররপাল্লার কিছু বাস ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে চলাচল করতে দেখা গেছে।
সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, সরকার দাবি-দাওয়া না মানায় উত্তারাঞ্চল শ্রমিক ফেডারেশনের ৩৭টি বেসিক ইউনিয়নের নেতারা একজোট হয়ে এ ধর্মঘট ডেকেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৫২ ঘ.
bdnews24