২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভেষজ ওষুধ শিল্পে বন্ধকহীন ঋণ দেওয়া হবে'

ক্ষুদ্র শিল্পের আধীনে হারবাল, ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ শিল্প উদ্যোক্তাদের সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বন্ধকহীন ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 05:03 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র শিল্পের আধীনে হারবাল, ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ শিল্প উদ্যোক্তাদের সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বন্ধকহীন ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। রোববার রাজধানীর বশীর মিলনায়তনে 'দেশীয় চিকিৎসা পদ্ধতির উন্নয়ন' শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা জানান। 'বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি' এ কর্মশালার আয়োজন করে। শিল্পমন্ত্রী বলেন, "সনাতনী দেশীয় চিকিৎসা পদ্ধতির সুরক্ষা ও আধুনিকায়নে সম্ভব সবধরনের সহায়তা দেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে বিসিকের নতুন শিল্পনগরীগুলোতে দেশীয় ঔষধ শিল্পোদ্যোক্তারা অগ্রাধিকারভিত্তিতে প্লট বরাদ্দ পাবেন।" শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ভেষজ ঔষধ শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য একটি আলাদা শিল্পনগরী স্থাপনের দাবি জানান দেশীয় চিকিৎসক সমিতি নেতারা। দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি রুবি আলী দামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক মুহম্মদ মিজানুর রহমান, প্রবীণ রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন। বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসাবে হারবাল, আয়ুর্বেদিক ও ইউনানি পদ্ধতি বর্তমানে সারাদেশে জনপ্রিয় হয়ে উঠছে বলে দাবি করেন আলোচকরা। এ শিল্পের প্রসারের মাধ্যমে চীন, দক্ষিণ কোরিয়া, ভারত ও নেপালের মতো বাংলাদেশও বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে বলেও মনে করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/২২৪৯ ঘ.