২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে জোড়া খুন: মামলা দায়ের, গ্রেপ্তার ৩

ঢাকার সাভারে জোড়া খুনের ঘটনায় রোববার সন্ধ্যায় একটি মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 02:33 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

সাভার, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে জোড়া খুনের ঘটনায় রোববার সন্ধ্যায় একটি মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। (আরো তথ্যসহ) এরা হলেন- সাভার পৌর এলাকার ছোটবলিমেহের মহল্লার আবুল কালাম ওরফে কালা (২৪), ফুলবাড়িয়া এলাকার মো. বিপ্লব (২৪) ও পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার মো. সুমন (২২)। রোববার ভোরে সাভার বাজার বাসস্ট্যান্ডের মাদক স্পট নামে খ্যাত 'মজিদপুর' মহল্লায় দুর্বৃত্তরা দু'জনকে জবাই করে খুন করে এবং দু'জনকে আহত করে। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) হারেস শিকদার জানান, নিহত নৈশ প্রহরী বুলবুল আহম্মেদের স্ত্রী রানী বেগম বাদী হয়ে রোববার সন্ধ্যায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সাভার থানায় একটি হত্যা মামলা (নম্বর ১২) করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভোরে নিহতরা হলেন- শেরপুর জেলার কদমতলীর শ্রীবরদী এলাকার মোসলেম মণ্ডলের ছেলে বুলবুল আহম্মেদ (৩২) এবং সাভার পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির নৈশ প্রহরী আলমগীর হোসেন (২৮)। তিনি সাভারের পলান পাড়া মহল্লার আদর আলীর ছেলে। আহতরা হলেন- সাভার পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির আরেক নৈশ প্রহরী ফরহাদ হোসেন (৩৬) ও নির্মাণাধীন একটি বাড়ির প্রহরী জহির উদ্দিন (৪৮)। প্রহরী ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার বাজার বাসস্ট্যান্ডে পোল্ট্রি ফিড মার্কেটের সামনে তারা সবাই বসে কথা বলছিলেন। এ সময় কিছু লোক মাদক ব্যবসায়ী মুন্নার মাদক স্পটের দিকে যায়। তাদের মধ্যে কয়েকজন এসে তাদের চোখ-মুখ বেঁধে পাশে একটি পরিত্যক্ত জমিতে নিয়ে যায়। এরপর তিনি আর কিছু বলতে পারেন না। অপর প্রহরী জহির উদ্দিন জানান, কালো কাপড়ে মুখ বাঁধা সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে তাদের ওই স্থানে নিয়ে যায়। সন্ত্রাসীরা দুজনের গায়ের শার্ট খুলে তা দিয়ে দুজনেরই হাত পিছনে বেঁধে জবাই করে চলে যায়। সাভার থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহতরা দু'জনই পেশাদার ছিনতাইকারী। ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে। আহত দুই প্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। সাভার পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওহাব পুলিশের কথা নাকচ করে দিয়ে বলেন, "আমাদের গার্ড ছিনতাইকারী নয়। ছিনতাইকারী হলে তাকে সাত বছর ধরে আমরা চাকরিতে রাখতাম না। অনেক আগেই তাড়িয়ে দিতাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৭ ঘ.