২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুতেই বিরোধিতার মুখে শিল্প পুলিশ

কার্যক্রম শুরুর দিনই শিল্পাঞ্চল পুলিশের বিরোধিতা করে শ্রমিক নেতারা এ ব্যবস্থা প্রত্যাহারে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 12:27 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্যক্রম শুরুর দিনই শিল্পাঞ্চল পুলিশের বিরোধিতা করে শ্রমিক নেতারা এ ব্যবস্থা প্রত্যাহারে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের হস্তক্ষেপ কামনা করেছেন। শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের (স্কপ) সমন্বয়ক ওয়াজেদুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। এ সময় তারা শিল্প পুলিশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। স্কপের অন্য দাবির মধ্যে রয়েছে- শ্রমিকদের জন্য স্থায়ী ন্যূনতম মজুরি কমিশন গঠন, দুই বছর অন্তর এই মজুরি পুন:নির্ধারণ, শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিক-কর্মচারিদের বিরাজমান সমস্যার সমাধান। শিল্পাঞ্চল পুলিশ প্রত্যাহারের বিষয়ে স্কপ সমন্বয়ক ওয়াজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিল্পাঞ্চলের জন্য পৃথক পুলিশ বাহিনী গঠনের কোনো প্রয়োজন নেই। এটা খুবই অপ্রয়োজনীয় একটি বিষয়। তিনি বলেন, শিল্পাঞ্চল পুলিশকে মালিকরা শ্রমিকদের বিপক্ষে ব্যবহার করবে। এতে শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে না, হবে মালিকদের স্বার্থ রক্ষা। এ বিষয়ে মন্ত্রীকে অবহিত করা হয়েছে। ওয়াজেদুল ইসলাম জানান, শ্রমমন্ত্রী তাদের জানিয়েছেন যে, শিল্পাঞ্চল পুলিশ আলাদা কিছু নয়, এটি পুলিশেরই একটি অংশ। পুলিশ বাহিনীর এ ইউনিটটি শিল্পাঞ্চলের নিরাপত্তাসহ শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবে। এতে শ্রমিকদের কোনো সমস্যা হবে না বলে খন্দকার মোশাররফ হোসেন আশ্বাস দিয়েছেন। জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, বিএনপি নেতা শাহ মোহাম্মদ আবু জাফর ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী প্রতিনিধি দলে ছিলেন। রোববার থেকে শিল্পাঞ্চল পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ বাহিনীর এ ইউনিটের আওতায় মোট ২ হাজার ৯৯০ জন পুলিশ সদস্য থাকছে। তবে প্রাথমিকভাবে ১ হাজার ৫৮০ জনবল নিয়ে এর যাত্রা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮১৪ ঘ.