২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলায়ও বাবর

এবার ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে সিআইডি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 10:27 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে সিআইডি। রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার (্এএসপি) মনিরুজ্জামান চৌধুরী। তার আবেদনে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের অস্ত্র ও চোরাচালান এ দুটি মামলায় কারাবন্দি বাবরকে এদিন গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে ২১ অগাস্ট গ্রেনেড হামলা তদন্তেও সিআইডি বাবরকে জিজ্ঞাসাবাদ করে। সিআইডি ওই মামলাও তদন্ত করছে। তদন্ত কর্মকর্তা মহানগর পাবলিক প্রসিকিউটরের (পিপি) মাধ্যমে শনিবার বাবরকে গ্রেপ্তার দেখানোর আবেদন আদালতে জমা দেন। ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় বাবরকে ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা মনির। চট্টগ্রাম মহানগর হাকিম ফজলুল বারী আগামী ১৩ অক্টোবর এর ওপর শুনানির তারিখ ঠিক করেছেন। তিনি বাবরকে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় বাবরকে গ্রেপ্তার দেখানোরও নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিচারক আগামী ১৩ অক্টোবর বাবরের উপস্থিতিতে হেফাজতে নেওয়ার (রিমান্ড) আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন।" সিআইডি কর্মকর্তা মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মামলার অধিকতর তদন্তে এ ঘটনায় বাবরের সম্পৃক্ততা উঠে এসেছে। এছাড়া মামলার বিভিন্ন সাক্ষী সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের দেওয়া বক্তব্যেও এই ঘটনার তদন্ত প্রভাবিত করার বিষয়টি উঠে এসেছে। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।" চট্টগ্রাম মহানগর পিপি কামালউদ্দিন বলেন, বিএনপি সরকার আমলে ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র আটকের ঘটনা তদন্তে সাবেক স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠিত সরকারি তদন্ত কমিটির সদস্যদের মধ্যে তিনজনের আদালতে দেওয়া জবানবন্দিতে মামলা প্রভাবিত করার বিষয়টি উঠে এসেছে। "সরকারি কমিটির তদন্ত প্রতিবেদন প্রভাবিত করা এবং এনএসআই কর্মকর্তাদের সম্পৃক্ততার বিষয়টি চেপে যেতে বাবরের নির্দেশ ছিলো। তার নির্দেশেই মামলার মূল আসামিদের বাদ দেওয়ার চেষ্টা করা হয়", বলেন তিনি। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের সিইউএফএল এর সংরক্ষিত জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এরপর কর্ণফুলী থানার তৎকালীন ওসি আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে আলাদা দুটি মামলা করেন। এ ঘটনা তদন্তে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুককে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে। এ কমিটির তিন সদস্য তৎকালীন ডিআইজি (সিআইডি) ফররুখ আহম্মদ, তৎকালীন ডিআইজি (এসবি) শামসুল ইসলাম ও এনএসআই'র তৎকালীন পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী পরে আদালতে সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া তৎকালীন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সাব্বীর আলীও জবানবন্দি দিয়েছেন। বর্তমান তদন্ত কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধান, তিন সাবেক কর্মকর্তা, সিইউএফল এর তৎকালীন মহাপরিচালক, ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০৩২ ঘ.