ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বালুরচর এলাকায় অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এদের একজনকে ছুরিকাঘাত এবং অপরজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রোববার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে বালুরচর বাগানবাড়ি মুসলিম নগর এলাকার ক্ষেত থেকে ২৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
লাশটির শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। যুবকটির পরনে জিন্সের ফুলপ্যান্ট ও লাল হাফ শার্ট ছিলো।
জাহিদুর রহমান আরো জানান, একই সময়ে একই এলাকায় একটু দূরেই আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়।
এই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত প্রায় একমাসে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায় এ নিয়ে সাতটি হত্যাকাণ্ড ঘটলো।
উপপরিদর্শক মো. জাহিদুর রহমান আরো জানান, নিহত দুইজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৫০৮ ঘ.
bdnews24