বরিশাল, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে বিএনপি নেতা সিরাজুল ইসলাম মাস্টারকে কুপিয়ে জখমকারী যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার কাউনিয়া টেক্সটাইল এলাকায় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মাস্টারকে (৪৫) কুপিয়ে জখম করে একই ওয়ার্ডের যুবলীগ সভাপতি মো. বাদশা মিয়া (৪৮)।
কাউনিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম জানান, শনিবার সকালে নগরীর ফলপট্টি মোড় এলাকা থেকে বাদশাকে গ্রেপ্তার করা হয়। সে কাউনিয়া ময়লাখোলা এলাকার সরদার পাড়ার (চাকর কান্দা) বাসিন্দা।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সিরাজুল ইসলাম মাস্টারের ভাই মেরাজুল ইসলাম বাদী হয়ে বাদশাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে। চাঁদার দাবিতে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে বাদশাকে আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টার দিকে বাদশা তার লোকজন নিয়ে সিরাজুল মাষ্টারকে কুপিয়ে আহত করে। তাকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭২৫ ঘ.
bdnews24