গাজীপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান বলেছেন, দেশে অর্থনীতির মুক্তিযুদ্ধ চলছে। এ জন্য প্রয়োজন সাহস ও সাহসী জাতি।
তিনি বলেন, "দেশে বছরে আড়াই হাজার কোটি টাকার মসলা আমদানি করতে হয়। মসলার এই চাহিদা দেশীয়ভাবে মেটানোর লক্ষ্যে মসলা জাতীয় শস্য উৎপাদনে সামনের মাস থেকে কৃষকদের ঋণ দেওয়া হবে।"
শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া কলেজ মাঠে শ্রীপুর বায়োগ্যাস পল্লী ও ট্রাস্ট সুফলা বাংলাদেশ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আতিয়ার রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, "ঋণ বিতরণ করা হবে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো থেকে। প্রচার মাধ্যমে শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হবে।"
তিনি আরো বলেন, "শিগগিরই গ্রীন ব্যাংকিংয়ের সার্কুলারও আসছে। কম জায়গায় কম জনবল নিয়ে গ্রীন ব্যাংকিং শাখা খোলা হবে। ল্যাপটপ ও মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম চলবে।"
কাগজের ব্যবহার কমিয়ে দেশে ইলেক্ট্রনিক ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন করা হবে বলে তিনি জানান।
আতিউর রহমান বলেন, "ঋণ প্রদান সহজ কিন্তু আদায় কঠিন। ঋণ খেলাপীরা সমাজ ও জাতির কলঙ্ক স্বারূপ।"
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর ৩ আসনের সাংসদ রহমাত আলী, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ নাগ, ডিএফআইডির কান্ট্রি ডিরেক্টর ক্যাথেরিনা মার্টিন, ধলাদিয়া কলেজের অধ্যক্ষ বোরহানুল কবীর, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, উদ্যোক্তা শামসুন্নাহার মিনা ও শামসুল আলম।
এর আগে সকালে ড. আতিয়ার শ্রীপুর উপজেলার গজারিয়া গ্রামে বাণিজ্যিক ভিত্তিতে ১০টি কৃষক পরিবারে স্থাপিত বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন প্রকল্প পরিদর্শন করেন।
গভর্নর বলেন, "প্রতি ৪টি গরু নিয়ে ৬০ লাখ খামার স্থাপনের মাধ্যমে বছরে ৪ দশমিক ৮ বিলিয়ন কিউবিক মিটার বায়োগ্যাস, ১১৭ মিলিয়ন মেট্রিক টন জৈব সার, ৫মিলিয়ন টন ভার্মি কম্পোস্ট, ১৭ বিলিয়ন লিটার দুধ এবং এক মিলিয়ন মেট্রিক টন মাংস পাওয়া সম্ভব।
"এ খামারগুলোর মাধ্যমে এক কোটি ২০ লাখ গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান হতে পারে।"
উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে বায়োগ্যাস খাতে ৫৫ জন উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭০৫ ঘ.
bdnews24