জামালপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদরে রাণীগঞ্জ যৌনপল্লী থেকে এক গৃহবধূকে উদ্ধার করা হয়েছে।
জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ ও র্যাব যৌনপল্লীতে অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে।
৬ দিন আগে নারী পাচারকারীরা টঙ্গী রেল স্টেশনে তাকে অজ্ঞান করে জামালপুর নিয়ে আসে এবং যৌনপল্লীতে বিক্রি করে দেয়। এরপর থেকে চলে তার উপর অমানুষিক নির্যাতন।
মেয়েটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৭ সালের শেষ দিকে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে তিনি গাজীপুরে বাস করতেন। ৬ দিন আগে স্বামী ও সতীনের সাথে ঝগড়া হলে তিনি বাসা থেকে বেড়িয়ে টঙ্গী রেল স্টেশনে আসেন।
তিনি জানান, টিকিট করে দেওয়ার কথা বলে পাচারকারীরা তাকে অজ্ঞান করে জামালপুর যৌন পল্লীতে নিয়ে বিক্রি করে দেয়। পরে এক খদ্দেরের সহায়তায় খবর পাঠান বাবা-মায়ের কাছে।
শনিবার তার বাবা-মা জামালপুর গিয়ে তাকে উদ্ধার করার জন্য সাংবাদিক, মানবাধিকার কর্মী ও জেলা প্রশাসনের সহায়তা চান। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৬ নং বাড়ির একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করে।
ওই বাড়ির মালিক শেরপুর সদর উপজেলার চর পক্ষীমারী ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুর রহমান। বাড়ির সর্দারনী মমতা বেগম। অভিযানের সময় তারা পালিয়ে যায়।
অভিযানে অংশগ্রহনকারী জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল সিদ্দিকী জানান, উদ্ধার হওয়া গৃহবধূকে তার বাবা-মা'র কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্ততিও চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৩০ ঘ.
bdnews24