ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষক ও কৃষির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে আগামী ৫ অক্টোবর থেকে ঢাকায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী কৃষি মেলা।
শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বাংলালিংক এগ্রো বাংলাদেশ ২০১০' নামের এ কৃষি মেলা অনুষ্ঠিত হবে। ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে ৫ অক্টোবর সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন।
রাজধানীর একটি রেস্তোরায় শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ই-থ্রি সলিউশন লিমিটেড এবং আই-স্টেশন কমিউনিকেশনস নামে দুটি বেসরকারি সংস্থা যৌথভাবে এ মেলার আয়োজন করছে। বাংলালিংক ও সিটি ব্যাংকের আর্থিক সহায়তায় আয়োজিত এ মেলায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (আইআরআরআই) আয়োজকদের সহযোগী হিসেবে রয়েছে।
আই-স্টেশন কমিউনিকেশনস'র ব্যবস্থাপনা পরিচালক এমএস সাহা সংবাাদ সম্মেলনে জানান, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় মেলার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ১৫টি দেশের প্রায় ১০০ প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিষ্ঠানগুলোর ১৫০টি স্টলে বিভিন্ন পণ্যের প্রদর্শনী করা হবে।
অন্য দেশগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যাণ্ড, ভিয়েতনাম, কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, মিশর, জাপান, নেদারল্যাণ্ড, তুরস্ক ও যুক্তরাজ্য।
ই-থ্রি সলিউশন লিমিটেড'র ব্যবস্থাপনা পরিচালক চামমোহন সাহা বলেন, মেলায় কৃষি খাতে সম্পৃক্ত ব্যবসায়ী এবং কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দেওয়া হবে। কৃষি উৎপাদনে মাটি পরীক্ষার বিষয়ে কৃষকদের সচেতন করে তুলতে পরামর্শ দেওয়া হবে মেলাটিতে। যা কৃষি উৎপাদনে সহায়ক হবে।
বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আশের ইয়াকুব খান জানান, বাংলালিংক সব সময় কৃষিভিত্তিক যেকোন উদ্যোগের সঙ্গে রয়েছে। এজন্যই এ কৃষি মেলার অন্যতম পৃষ্ঠপোষকতা করছে প্রতিষ্ঠানটি।
সংবাদা সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের পরিচালক শিহাব আহমেদ ও সিটি ব্যাংকের এসএমই শাখার প্রধান বদরুদ্দোজা চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৪৪৫ ঘ.
bdnews24