২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ নভেম্বর থেকে সিএনজি স্টেশন বন্ধের হুমকি

সিএনজি স্টেশন ছয় ঘণ্টা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারকে এক মাস সময় বেঁধে দিয়ে স্টেশন মালিকরা বলেছেন, তা না হলে ১ নভেম্বর থেকে গ্যাস বিক্রি বন্ধ করে দেবেন তারা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 08:23 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজি স্টেশন ছয় ঘণ্টা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারকে এক মাস সময় বেঁধে দিয়ে স্টেশন মালিকরা বলেছেন, তা না হলে ১ নভেম্বর থেকে গ্যাস বিক্রি বন্ধ করে দেবেন তারা। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন শনিবার এ হুমকি দেয়। রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে এক সাধারণ সভা শেষে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন সাংবাদিকদের বলেন, "আগের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারকে ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। এরপরও দাবি মানা না হলে সিএনজি স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হবে।" দেশে মোট ৫৮২টি সিএনজি স্টেশন এবং ১৭১টি কনভার্সন ওয়ার্কশপ রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে গ্যাস সরবরাহের জন্য সরকার গত ১৬ অগাস্ট থেকে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ছয় ঘণ্টা করে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে গত ১৮ সেপ্টেম্বর মালিকরা সরকারের কাছে স্টেশনগুলো ছয় ঘণ্টা করে বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য লিখিত আবেদন জানায়। কিন্তু ওইদিনই প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের জানান, জাতীয় গ্রিডে নতুন গ্যাস যোগ না হওয়া পর্যন্ত সিএনজি স্টেশনগুলো ছয় ঘণ্টা করে বন্ধ থাকবে। জাকির বলেন, "সরকারি সিদ্ধান্ত মেনে প্রতিদিন ছয় ঘণ্টা করে সিএনজি স্টেশন বন্ধ রাখা শুরু করি। কিন্তু অনির্দিষ্টকাল এভাবে চলতে থাকায় মালিকরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে।" অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাকির তাদের সাত দফা দাবি তুলে ধরে তা মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্য দাবিগুলো হলো-গ্যাসের উৎপাদন-বণ্টন ও চাহিদার সমতা আনার আগে সিএনজির মূল্য বৃদ্ধি করা যাবে না, সব স্টেশনে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ইলেকট্রনিক ভলিউম কারেক্টর (ইভিসি) মিটারের রিডিংয়ে বিল নেওয়া। এছাড়া এনার্জি রেগুলেটারি কমিশনের (বিইআরসি) লাইসেন্স ফি এক লাখ টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা এবং নবায়ন ফি এক লাখ টাকার পরিবর্তে এক হাজার টাকা নির্ধারন করা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের বাধ্যবাধকতা থেকে সিএনজি স্টেশনকে অব্যাহতি দেওয়া, সরকারি প্রতিষ্ঠান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেডের (আরপিজিসিএস) বার্ষিক ফি প্রত্যাহার এবং সিএনজি খাত সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার ভিত্তিতে নেওয়ার দাবি। এর আগে সারা দেশ থেকে আসা প্রায় পাঁচ'শ স্টেশন মালিক ওই সভায় যোগ দেন বলে জানান জাকির হোসেন। জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্টেশন মালিকরা শনিবার থেকে ধর্মঘটে যাওয়ার পক্ষে মত দেয়। কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে দাবি আদায় করতে চাই। এজন্য সরকারকে ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এরপরও যদি দাবি মেনে না নেওয়া হয় তবে ১ নভেম্বর থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে।" সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম কামাল, জ্যেষ্ঠ সহ-সভাপতি মাসুদ খান, সহ-সভাপতি সৈয়দ সাহাদত আহমেদ, মো. নিজামউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন খান, মো. কফিলউদ্দিন। স্টেশন মালিকরা এর আগেও কয়েকবার ধর্মঘটের হুমকি দিয়েছিলেন। তবে তাতে সরকারের সাড়া মেলেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এমআই/কেএমএস/১৫৩২ ঘ.