ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের মাজার সংলগ্ন প্রবেশপথ প্রায় এক বছর বন্ধ থাকার পর শনিবার খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া মামলাজট কমানোর লক্ষ্যে এদিন হাইকোর্টের মামলা সংক্রান্ত এফিডেভিট কার্যাবলী শুরু হয়েছে।
হাইকোর্টে মামলার এফিডেভিট এতোদিন প্রতি রোববার করা যেতো। এখন তা প্রতি শনিবার করা যাবে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নির্দেশে শনিবার এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।"
"প্রধান বিচারপতি মামলাজট কমাতে করণীয় বিষয়ে অবহিত রয়েছেন। আমরা আশা করছি, এ সংক্রান্ত বিষয়গুলো দ্রুততম সময়ে তার নির্দেশ অনুযায়ী কার্যকর হবে" বলেন তিনি।
শনিবার সকাল ৯টার দিকে হাইকোর্টের মাজার সংলগ্ন প্রবেশপথটি খুলে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দীর্ঘ দিনের দাবি ছিলো এ পথটি খুলে দেওয়ার।
রেজিস্ট্রার আশরাফুল ইসলাম বলেন, "আইনজীবী সমিতির দাবি ও বিচারপ্রার্থীদের কথা বিবেচনা করেই নতুন প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নিয়েছেন।"
হাইকোর্টে মামলার এফিডেভিট এতোদিন রোববার করা যেতো জানিয়ে তিনি বলেন, "প্রধান বিচারপতির নির্দেশে প্রতি শনিবার এই এফিডেভিট করা যাবে। এটা কার্যকর করা হয়েছে। এতে বিচারপ্রার্থী ও আইনজীবী উভয় পক্ষের সুবিধা হবে।"
বৃহস্পতিবার দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণের পর এ বি এম খায়রুল হক নিজ চেম্বারে সাংবাদিকদের বলেন, "আমার প্রথম কাজ হচ্ছে-হাইকোর্টে মামলাজট কমানো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/কেএমএস/১৩৩৩ ঘ.
bdnews24