চাঁদপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার পশ্চিম আলোনিয়া গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঘরে ঢুকে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়।
শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন।
নিহতের নাম- কিতাবের নেছা (৪২)। তিনি গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
আলোনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, অজ্ঞাত পরিচয় ৪-৫ জন যুবক গ্রামের বেপারী বাড়ির বাবুলের ঘরে ঢোকে। তারা বাবুলের দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রী কিতাবের নেছার হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেয়।
এরপর দুর্বৃত্তরা ঘরের বিছানা ও আসবাবপত্র তছনছ করে। কিছুক্ষণ পর বাইরে গিয়ে মোবাইল ফোনে কথা বলে এবং আবার ঘরে ঢুকে কিতাবের নেছাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে চলে যায় তারা।
ঘটনার সময় বাবুল বাড়ি ছিলেন না।
পরে ছেলে-মেয়েদের চিৎকারে আশপাশের লোকজন এসে কিতাবের নেছাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুর মিয়া বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৩ ঘ.
bdnews24