বরিশাল, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর কাউনিয়া টেক্সটাইল এলাকায় ৩নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি সিরাজুল ইসলাম মাস্টারকে (৪৫) কুপিয়ে জখম করেছে তার রাজনৈতিক প্রতিপক্ষরা।
আশঙ্কাজনক অবস্থায় তাকে শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিনিয়র-জুনিয়র ইস্যু নিয়ে সিরাজুল মাস্টারের ছোট ভাই মিরাজের সাথে ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. বাদশার চাচাতো ভাই সোহেলের বচসা বাধে। এক পর্যায়ে সোহেলের পক্ষাবলম্বন করে বাদশা তার লোকজন নিয়ে মিরাজকে মারতে উদ্যত হয়।
সিরাজুল মাষ্টার মিমাংসা করতে এলে তাকে কুপিয়ে আহত করে বাদশা। পেটে কোপ লাগায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করতে পারেনি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯১১ ঘ.
bdnews24