২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 08:34 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে শিশুরা হাতিরঝিল লেকের পাড়ে খেলতে গিয়ে মৃতদেহটি দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৃতদেহে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচ দিন আগে সন্ত্রাসী বা ছিনতাইকারীরা মৃতদেহটি লেকে ফেলে গেছে।" পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৃতদেহটির অবস্থা দেখে বোঝা যাচ্ছে মৃত ব্যক্তি আশপাশের কোন বস্তিতে বসবাস করতেন। এ ব্যাপারে পুলিশ তদন্ত করবে।" এই স্থানটিতে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। কারওয়ান বাজারের এক ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, "এই স্থানে বেশিরভাগ ক্ষেত্রেই কারওয়ান বাজারের ব্যবসায়ীরা ছিনতাইয়ের শিকার হন। একাধিকবার এ ব্যাপারে অভিযোগ করার পরও নিরাপত্তার কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।" স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এনকে/কেএমএস/১৪৩২ ঘ.