২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিলসহ স্ত্রী-শাশুড়ি-জামাতা গ্রেপ্তার

একটি বেসরকারি টেলিভিশনের লোগো ব্যবহার করে প্রাইভেটকারে ফেনসিডিল বহনের অভিযোগে তিন আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 02:37 PM

Updated : 24 Aug 2022, 06:29 PM

গাজীপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি বেসরকারি টেলিভিশনের লোগো ব্যবহার করে প্রাইভেটকারে ফেনসিডিল বহনের অভিযোগে তিন আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গাজীপুর শহরের রওশন সড়কের মোড়ে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহায়তায় এদের আটক এবং গাড়িটি জব্দ করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোজায়েত হোসেন। এরা হলেন- শহরের ভোগড়া এলাকার লেহাজ উদ্দিন চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী (৩২), তার স্ত্রী দোলন খাতুন (১৮) ও শাশুড়ি সেলিনা বেগম (৩৫)। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন বলে সাংবাদিকদের জানান এসআই সোজায়েত। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ চান্দনা রওশন এলাকায় অভিযান চালায়। এলাকাবাসীর সহায়তায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার লোগো লাগানো প্রাইভেটকারের এই তিন আরোহীকে আটক করা হয়। এ সময় মাসুদ চৌধুরীর শাশুড়ি সেলিনা বেগমের হাতে থাকা একটি ব্যাগ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি জানান, রোববার সকালে তাদের গাজীপুরের আমলী আদালতে পাঠানো হয়। বিচারক মো. আশরাফুল আলম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৭৪ এর বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা হয়েছে। এর আগেও সেলিনা বেগমের বিরুদ্ধে ফেনসিডিল পাচারের অভিযোগে থানায় মামলা হয়েছে। এদিকে কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ লিটার দেশি মদসহ মুখলাল (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক আইনে ছয়টি মামলা রয়েছে। রোববার সকালে আদালতের মাধ্যমে মুখলালকে কারাগারে পাঠানো হয় বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.