ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা জাহানারা বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন চান। বিচারক এ এন এম বশির উল্লাহর সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ মামলায় জাহানারা ইতিপূর্বে হাইকোর্ট থেকে জামিনে থাকলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে।
এক সময়ের বিএনপি নেত্রী জাহানারা বর্তমানে এলডিপির মহাসচিবের দায়িত্বে আছেন। সংসদ সদস্য অলি আহমদ এ দলটির প্রধান।
জাহানারার বিরুদ্ধে ১ কোটি ৯৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন রমনা থানায় এ মামলাটি করে। গত বছরের ২০ অক্টোবর এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
জাহানারার আবেদনে গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্ট ৯ সপ্তাহের জন্য তাকে জামিন দিয়ে এ সময়ের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬২০ ঘ.
bdnews24