২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাল ছাড়ছেন না আইনমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনি এস এইচ এম বি নূর চৌধুরীকে কানাডা ফিরিয়ে দিতে নাও পারে- গণমাধ্যমে এমন খবর প্রকাশ হলেও আইনমন্ত্রী শফিক আহমেদ হাল ছাড়ছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 08:25 AM

Updated : 24 Aug 2022, 06:30 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনি এস এইচ এম বি নূর চৌধুরীকে কানাডা ফিরিয়ে দিতে নাও পারে- গণমাধ্যমে এমন খবর প্রকাশ হলেও আইনমন্ত্রী শফিক আহমেদ হাল ছাড়ছেন না। তিনি রোববার বলেছেন, "নূর চৌধুরীকে কানাডা সরকার ফিরিয়ে দেবে না- এটা ঠিক নয়। আমরা সব দেশের সঙ্গেই কূটনৈতিক চ্যানেলে আলোচনা চালিয়ে যাচ্ছি।" বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কানাডা মৃত্যুদণ্ডের বিরোধী বলে মৃত্যুদণ্ডে দণ্ডিত নূর চৌধুরীকে ফিরিয়ে নাও দিতে পারে। বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বঙ্গবন্ধুর পাঁচ খুনির দণ্ডাদেশ কার্যকর করা হয়। দণ্ডিত অপর ছয়জন আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী ও আব্দুল মাজেদ বিদেশে পালিয়ে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেছেন, দেশে ফেরত এনে পলাতক খুনিদের দণ্ডাদেশও কার্যকর করা হবে। আইনমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, খুনিদের ফিরিয়ে আনতে যা যা করা দরকার, সরকার তার সব করবে। তিনি জানান, যে সব দেশের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি নেই, সমঝোতা স্মারকের ভিত্তিতে সে সব দেশ থেকে পলাতকদের ফিরিয়ে আনা হবে। গত বছর কানাডা সফরের সময় আইনমন্ত্রী এ বিষয়ে সে দেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ ক্ষেত্রে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় একসঙ্গে কাজ করেছে বলে শফিক জানান। ফাঁসিতে ঝোলানো এ কে এম মহিউদ্দিনকেও তিন বছর আগে যুক্তরাষ্ট্র থেকে আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৪১৫ ঘ.