চট্টগ্রাম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়িতে শনিবার ভোররাতে র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত ওসমান গণি (৩৫) সন্ত্রাসী বাহিনী ওসমান বাহিনীর প্রধান বলে র্যাব জানায়।
রাত পৌনে ৪টার দিকে ফটিকছড়ি উপজেলার দক্ষিণ রাঙামাটিয়া গ্রামের সারদা মহাজন টিলা সংলগ্ন ইটভাটায় 'বন্দুকযুদ্ধে' নিহত হন ওসমান।
র্যাব-৭'র স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইটভাটায় ওসমান বাহিনীর অবস্থানের খবর পেয়ে র্যাব ও পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায়। ওই সময় ওসমান ও তার সহযোগীরা পুলিশ ও র্যাবকে লক্ষ করে গুলি চালালে আইন-শৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি চালায়।"
দুই পক্ষের 'বন্দুকযুদ্ধ'র সময় ওসমান গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা পালিয়ে যায় বলে র্যাব জানায়।
ওসমানকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব কর্মকর্তা সাজ্জাদ জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার ও এর দুই রাউন্ড গুলি এবং একটি দেশি বন্দুক ও এর তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ রাঙামাটিয়ার বাসিন্দা ওসমানের বিরুদ্ধে ফটিকছড়িসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় ১০টি হত্যা মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১৪৩০ ঘ.
bdnews24