কুমিল্লা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার বাস-ট্রাক সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।
সকাল সাড়ে ৬টার দিকে আমজাদের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি আব্দুর রহমান জানিয়েছেন।
নিহতরা হলেন- বাসচালক নোয়াখালীর সারওয়ার (৪০), বাসের সুপারভাইজার ফেনীর দাগনভুঞার নূরন্নবী (৩৫), বাসচালকের সহকারী একই জেলার দমদম গ্রামের রেজাউল আলম (২৬), ট্রাকচালক আব্দুল কাদের (৪০), বাসযাত্রী ফেনীর ছিলুয়া গ্রামের সাইফুল ইসলাম (৩০) ও উত্তর চারিপুর গ্রামের মো. শহীদ (২৫)।
পুলিশ কর্মকর্তা রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকাগামী স্টার লাইন পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন ঘটনাস্থলেই মারা যান।"
আহত বাসচালক সারওয়ারকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর মারা যান। ট্রাকচালক কাদের মারা যান ঢাকার পঙ্গু হাসপাতালে।
দুর্ঘটনায় আহত বাকিদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। উভয় পাশে কয়েক শ' গাড়ি আটকা পড়ে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও বিডিআর সদস্যরা রাস্তার ওপর থেকে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নিলে দুপুর ২টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৯৩৬ ঘ.
bdnews24