ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে এক যুবককে শনিবার সকালে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
সন্ত্রাসী সন্দেহে আল আমিন (২৩) নামে ওই ব্যক্তিকে মারধর করা হয় বলে পুলিশ জানায়। পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহত আল আমিন দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগে একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার বাবার নাম কিরণ মিয়া। বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়িতে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন আল আমিনকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোয়া ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
আল আমিনের মৃত্যুর পর স্থানীয়রা সন্ত্রাসবিরোধী মিছিল করে বলে পুলিশ জানায়।
এসআই মনির বলেন, "গত মাসে খেজুরবাগে কামাল নামে এক ব্যবসায়ী খুন হয়। ওই খুনে জড়িত সন্দেহে আল আমিনের ওপর হামলা হয়েছে বলে ধারণা করছি।"
এলাকাবাসী জানায়, সন্ত্রাসবিরোধী মিছিলে কামালের বেশ কয়েকজন স্বজনকেও দেখা গেছে।
তবে কামাল হত্যা মামলার আসামির তালিকায় আল আমিনের নাম নেই বলে পুলিশ কর্মকর্তা মনির জানান।
আল আমিনের বিরুদ্ধে সন্ত্রাসের কোনো অভিযোগ রয়েছে কিনা- জানতে চাওয়া হলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক কবির হোসেন তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ রয়েছে কিনা, তা খুঁজে দেখছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৮ ঘ.
bdnews24