২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা বিরোধীদের নিশ্চিহ্ন করার আহ্বান বিনোদ বিহারীর

দেশ থেকে স্বাধীনতা বিরোধীদের নিশ্চিহ্ন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 03:27 PM

Updated : 24 Aug 2022, 06:27 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ থেকে স্বাধীনতা বিরোধীদের নিশ্চিহ্ন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অগ্নিযুগের এই বিপ্লবী এ আহ্বান জানান। বিনোদ বিহারী বলেন, "ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ সব ক্ষেত্রেই আমরা একটি শোষণমুক্ত, গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখেছিলাম। এ স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে দু'টি কাজ করতে হবে। প্রথমত, স্বাধীনতা বিরোধী শক্তিকে দেশ থেকে নিশ্চিহ্ন করা। দ্বিতীয়ত, নিঃস্বার্থে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো।" বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন পরিষদ-ঢাকা দু'দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে। শিশুদের উদ্দেশে তিনি বলেন, জীবনের অর্থ আছে। কর্মময় জীবনের মাঝে সেই অর্থ খুঁজে নিতে হবে। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বীরের মত লড়তে হবে। ১৯৩০ সালের ২২ এপ্রিল জালালাবাদ পাহাড়ে শহীদ ১২ জন বিপ্লবীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একটি স্মৃতিসৌধ নির্মাণের জন্যও তিনি সরকারের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আগামীর বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে গড়তে এ প্রজন্মের শিশু-কিশোরদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি গোলাম রব্বানী, শহীদ জায়া বেগম মুশতারি শফি প্রমুখ। অনুষ্ঠানে খেলাঘর ও কচিকাঁচার আসরের পক্ষ থেকে শিশুরা অংশ নেয়। গানে গানে তারা ভরিয়ে তোলে পুরো শহীদ মিনার প্রাঙ্গন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নায়ক মাস্টার দা সূর্যসেনের সহযোদ্ধা বিনোদ বিহারীর সঙ্গে শিশুদের ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। দ্বিতীয় দিনের অনুষ্ঠান শনিবার বিকালে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১১৬ ঘ.