ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস কম্পিউটার সিটিতে বৃহস্পতিবার শুরু হয়েছে বিসিএস কম্পিউটার সিটি বার্ষিক মেলা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় তথ্য-প্রযুক্তি জনপ্রিয় করে তুলতে ব্যবসায়ীদের এ উদ্যোগকে স্বাগত জানান।
তিনি বলেন, "শান্তি ও উন্নয়নের বাংলাদেশ গড়ে তুলতে হলে সবার আগে দেশকে ডিজিটাল রূপ দিতে হবে।"
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তফা জব্বার ক্ষুদ্র ও মাঝারি মানের আইটি ফার্ম গড়ে তুলতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পাশাপাশি তথ্য-প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানোরও আহ্বান জানান তিনি।
সিটিআইটি ২০১০ শিরোনামে আয়োজিত এ মেলায় নানা ধরনের প্রযুক্তির পণ্য প্রদর্শনের পাশাপাশি রয়েছে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বিশেষ ছাড়ের সুবিধা।
এবারই প্রথম পুরো মেলা প্রাঙ্গণ তারহীন উচ্চগতির ইন্টারনেট ওয়াইম্যাক্সের আওতায় আনা হয়েছে। এছাড়া পুরো সিটিআইটি বিশেষভাবে সাজানো হয়েছে।
মেলায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গেম ও ডিজিটাল ফটোগ্রাফি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, কুইজসহ রয়েছে নানা আয়োজন। এছাড়া মেলার মূল মঞ্চে প্রতিদিন থাকছে বিনোদনমূলক অনুষ্ঠান, তথ্যপ্রযুক্তি ও বিসিএস কম্পিউটার সিটির উন্নয়নে অবদানের জন্য আজীবন সম্মাননা, গুণীজন সংবর্ধনা।
কম্পিউটার সিটির তৃতীয়তলার খোলা জায়গায় (টেরেস) সফটওয়্যার ও বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের প্রদর্শনী থাকবে।
এবার মেলার টিকিটের মূল্য রাখা হয়েছে ১০ টাকা। তবে স্কুল শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিদিনের টিকিট নিয়ে মেলার শেষ দিন র্যাফেল ড্র এবং পুরস্কার হিসেবে দেওয়া হবে গাড়ি, ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ মেলা চলবে।
৬ ফেব্র"য়ারি মেলা শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এএল/জিএনএ/২২১৭ ঘ.
bdnews24