২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাতকদের তথ্য আছে: আইনমন্ত্রী

বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর অন্য খুনিদের তথ্য সরকারের কাছে রয়েছে জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 08:39 AM

Updated : 24 Aug 2022, 06:27 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর অন্য খুনিদের তথ্য সরকারের কাছে রয়েছে জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার প্রথম প্রহরে কারাবন্দি পাঁচ খুনির দণ্ডাদেশ কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী ও আব্দুল মাজেদ বিদেশে পালিয়ে আছেন। আইনমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "পলাতকদের বিষয়ে আমাদের কাছে মোটামুটি সুনির্দিষ্ট তথ্য আছে। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদের ফিরিয়ে আনতে কাজ করছে। ইন্টারপোলের রেড এলার্ট জারি রয়েছে।" কানাডায় পালিয়ে থাকা নূর চৌধুরীকে ফেরাতে সে দেশের সরকার সহায়তা করছে জানিয়ে শফিক বলেন, "এখন কানাডা সরকারের একটি আইনি প্রক্রিয়া বাকি রয়েছে।" আইনমন্ত্রী জানান, পলাতক আসামিরা ফিরলে আপিলের সুযোগ পাবেন। তবে নির্দিষ্ট সময় পার হলে বিলম্বের প্রতি দিনের কারণ ব্যাখ্যা করতে হবে আদালতের কাছে। "সুনির্দিষ্ট ব্যাখ্যায় আদালত সন্তুষ্ট হলেই তা আদালত গ্রহণ করবে, তা না হলে নয়", বলেন তিনি। বিভিন্ন দেশে খুনিদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রবণতার সমালোচনা করে শফিক বলেন, "স্বীকৃত খুনিদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া উচিত নয়। এ ধরনের প্রশ্রয় পেলে খুন-হত্যাকাণ্ড বাড়বে।" পাঁচ খুনির দণ্ড কার্যকরের প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, "ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডের বিচার অনেক আগেই হওয়ার দরকার ছিলো। এ বিচারের মাধ্যমে আইনের শাসনের পথ সুগম হলো।" সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এবং সবাইকে সম্পূর্ণ সুযোগ দিয়েই দণ্ডাদেশ কার্যকর করা হয়েছে বলে জানান তিনি। আইনের শাসন প্রতিষ্ঠায় এখন জাতীয় চার নেতা হত্যাকাণ্ড, ২১ আগস্ট গ্রেনেড হামলা, কিবরিয়া হত্যাকাণ্ড-এর পুনঃতদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি। আইনমন্ত্রীকে হুমকি বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসিতে ঝোলাতে আইনমন্ত্রীকে হুমকি দিয়ে বুধবার রাত ১১টায় একটি ফ্যাক্সবার্তা মন্ত্রণালয়ে আসে। টাইপ করা ফ্যাক্সটি'র ওপরে প্রেরকের ঠিকানায় বড় হরফে লেখা এমডি খুরশিদ, এমডি নওয়াব আলী, আব্দুল হাই এ্যান্ড শাহজাহান। ঠিকানা রয়েছে- অফিস আগ্রাবাদ কমার্সিয়াল এরিয়া চট্টগ্রাম। রাত ১১টা ৫ মিনিটে এটি আসে বলে শফিক আহমেদ জানান। বঙ্গবন্ধু মামলার বিচার চলার সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও কয়েকবার হত্যার হুমকি পেয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৪২৮ ঘ.