ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যকারী পাঁচজনের ফাঁসির রায় কার্যকরের পর স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, পালিয়ে থাকা খুনিদেরও দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে।
বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার প্রথম প্রহরে কারাবন্দি পাঁচ খুনি সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, এ কে এম মহিউদ্দিন, মহিউদ্দিন আহমেদ ও বজলুল হুদার দণ্ডাদেশ কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী ও আব্দুল মাজেদ বিদেশে পালিয়ে আছেন।
বৃহস্পতিবার দুপুরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পল্লী উন্নয়ন বিষয়ক সিরডাপ মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় বৈঠকের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আশরাফ বলেন, "দণ্ডপ্রাপ্তরা আইনের হাত থেকে রক্ষা পাবে না। তাদের ফিরিয়ে আনা হবেই।"
একইদিনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীরও পালিয়ে থাকা খুনিদের দেশে ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেন।
সকালে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় তিনি সাংবাদিকদের বলেন, যারা বিভিন্ন দেশে পালিয়ে আছে, সে সব দেশ তাদের ফেরত পাঠাবে বলে আশা করছি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফ বঙ্গবন্ধুর খুনিদের রক্ষার চেষ্টার জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও দায়ী করেন।
তিনি বলেন, "জিয়াউর রহমান খুনিদের শুধু দায় থেকে রক্ষাই করেনি, পাশাপাশি বিভিন্ন দূতাবাসে তাদের চাকরি দিয়ে পুনর্বাসিত করেন।"
"বঙ্গবন্ধু হত্যার বিচার হোক যারা চায়নি, তারা ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ জারি করে খুনিদের বিচারের আওতার বাইরে রেখেছিলো। তারা আজ খুশি নয়। কিন্তু সমগ্র জাতি আজ আনন্দিত", বলেন আশরাফ ।
পাঁচজনের ফাঁসির রায় কার্যকরের প্রতিক্রিয়ায় আশরাফ বলেন, "অন্যায় কখনো মুছে যায় না। যারা অন্যায় করবে তাদের বিচার হবে। পাঁচ খুনির মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের মাধ্যমেই প্রমাণিত হয়েছে দেশে আইনের শাসন আছে।"
এরপর জেল হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্নে সরকার মনোযোগ দেবে বলে বলে স্থানীয় সরকারমন্ত্রী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এমআই/১৩০০ ঘ.
bdnews24