ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু মানুষের জীবনযাত্রাকেই নয় জাতীয় ও আঞ্চলিক স্থিতিশীলতাও বিনষ্ট করবে।
বুধবার রাজধানীর হোটেল শেরাটনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় পল্লী উন্নয়ন সমন্বয় বিষয়ক সংস্থা সিরডাপ এর মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
সিরডাপ এর ১৪টি সদস্য ছাড়াও কয়েকটি বাইরের দেশের প্রতিনিধিরা এ সভায় অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, "এই অঞ্চলের গ্রামীণ জনপদের বিশাল জনসংখ্যার আর্থ সামাজিক অবস্থার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকেই ব্যাহত করবে না, জাতীয় ও আঞ্চলিক স্থিতিশীলতাও বিনষ্ট করবে। এই সমস্যাগুলোর দিকে এখনও নজর দেওয়া প্রয়োজন। তা না হলে গ্রামীণ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচিগুলো শেষ পর্যন্ত স্থায়ী কোনো ফল বয়ে আনবে না।"
বিশ্বায়নের কারণে নগরায়ন প্রক্রিয়া দ্রুততর হওয়ার পাশাপাশি জ্বালানি সম্পদের ওপর চাপ এবং গ্রাম ছেড়ে শহরে অভিবাসনের হার বৃদ্ধি পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
১৯৭৯ সালে সিরডাপ প্রতিষ্ঠার পর ১৯৮৭ সালে ঢাকায় এর সদস্য দেশগুলোর মন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২৩ বছর পর এর দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকায় সিরডাপের সদর দপ্তর।
শেখ হাসিনা বলেন, "পরিবেশগত বিপর্যয় এবং জ্বালানির অপ্রতুলতা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা।"
বিশ্বায়নের প্রভাব মোকাবেলায় বিনিয়োগ ও রপ্তানি বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, "আঞ্চলিক প্রেক্ষাপটে বিশ্বায়নের নতুন নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিকগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে।...বিশ্বায়নের প্রভাব মোকাবেলায় আমাদের বিনিয়োগ ও পণ্য রপ্তানি বাড়াতে হবে।"
ঐক্যবদ্ধ অবস্থান ধরে রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ এবং বিরাজমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ফলে অতি দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা আজ বিপন্ন। এসব অভিন্ন সমস্যার বাস্তবমুখী পথ খুঁজে বের করার জন্য আমাদের ঐক্যবদ্ধ অবস্থান ধরে রেখে প্রজ্ঞার প্রয়োগ ঘটাতে হবে।"
শেখ হাসিনা দারিদ্র্য নিরসনে তার সরকারের পদক্ষেপ তুলে ধরেন।
তিনি বলেন, "দারিদ্র্য বিমোচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 'দারিদ্র্য বিমোচন কৌশল' প্রণয়ন করা হয়েছে, নিরাপত্তা বেষ্টনির পরিধি ও পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। সরকার কৃষিখাতে ভর্তুকি বাড়িয়েছে। কৃষি উৎপাদন বাড়াতে সেচকাজে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।"
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রোকেয়া সুলতানা, সিরডাপ এর মহাপরিচালক দূর্গা পি পদিয়াল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/২৩৫৫ঘ.
bdnews24