ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যুদণ্ডাদেশ ৩১ জানুয়ারির মধ্যেই কার্যকর হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
বুধবার আসামিদের রিভিউ আবেদন খারিজের পর দুপুরে আইন মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বঙ্গবন্ধু মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন শফিক।
আপিল বিভাগের রায় পর্যালোচনায় বঙ্গবন্ধুর পাঁচ খুনির করা আবেদন সকালে খারিজ করেছে সর্বোচ্চ আদালত। ফলে খুনিদের ফাঁসির রায় কার্যকরে আইনগত আর কোনো বাধা থাকলো না।
আগামী ৩১ জানুয়ারির মধ্যেই বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা যাবে বলে দাবি করেছেন আনিসুল হক সকালে সাংবাদিকদের বলেন।
তবে আসামি পক্ষের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেছেন, রিভিউ আবেদন নাকচের আদেশ হাতে পাওয়ার পর প্রাণ ভিক্ষার আবেদন করতে পারবেন আসামিরা। ওই আবেদন নাকচ হলে ২১ থেকে ২৮ দিনের মধ্যে দণ্ডাদেশ কার্যকর করা যাবে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24