চট্টগ্রাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'চলো অস্তিত্বের শিকড় যাত্রায়' স্লোগান নিয়ে শুক্রবার থেকে নগরীর ডিসি হিল চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের লোকসংস্কৃতি উৎসব।
সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণাধর্মী সংগঠন সমাজ সমীক্ষা সংঘ এ উৎসবের আয়োজন করছে।
উৎসবে চট্টগ্রামসহ সারাদেশের লোক শিল্পী ও দল অংশ নেবে বলে মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজকরা জানায়।
শুক্রবার বেলা ৩টায় শহীদ মিনার চত্বরে উৎসবের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুইদিনের অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, সাবেক উপদেষ্টা অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, বাংলা একাডেমীর মহাপরিাচলক শামসুজ্জামান খান, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন আলোচনায় অংশ নেবেন।
আয়োজকরা জানায়, দুই দিনের উৎসবে মাইজভাণ্ডারী, কবিগান, হাছন রাজার গান, লালন সাঁইয়ের গান, রাধারমনের গান, শাহ আবদুল করিমের গান, চট্টগ্রামের আঞ্চলিক গান ও নৃত্য এবং মণিপুরি, চাকমা ও রাখাইন নৃত্য পরিবেশিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান কাজী মাহমুদ ইমাম বিলু।
উপস্থিত ছিলেন সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক আহমেদ খসরু, পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব, উৎসব কমিটির আহবায়ক দেবাশীষ রায়, কো-চেয়ারম্যান শাহেদ আজাদ আমীন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪৫০ ঘ.
bdnews24