গাজীপুর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টঙ্গীর তুরাগ নদে ইজতেমা ফেরত মুসুল্লিদের নিয়ে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার।
রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় টঙ্গী রেলসেতুর নিচে ডুবে যায় নারায়ণগঞ্জগামী ট্রলারটি। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আহতাবস্থায় টঙ্গী হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে আরেকজন মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন টঙ্গী থানার উপ-পরিদর্শক আবুল বাশার।
তিনি জানান, নিহতের নাম মরিয়ম বেগম (৫৫)। তার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপাজেলার টেকনো গ্রামে।
ঘটনাস্থলে যারা মারা গেছেন তারা হলেন- রূপগঞ্জের কাহিনা গ্রামের সাহিদা আক্তার (৫৫) ও টেকনো অধা গ্রামের মজিরন বেগম (৫০) ও মাদারীপুর সদরের লক্ষ্মীপুর গ্রামের জোবেদা আক্তার (৬০)।
এসআই বাশার জানান, রাতের তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৬ ঘ.
bdnews24