২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্টগার্ড-জলদস্যু বন্দুকযুদ্ধে নিহত ১

বরগুনার নিদ্রারচর এলাকায় রোববার রাতে সাগরে উপকূলরক্ষী বাহিনীর (কোস্টগার্ড) সঙ্গে একদল জলদস্যুর বন্দুকযুদ্ধ হয়েছে। এতে কোস্টগার্ডের ট্রলারের মাঝি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 11:16 AM

Updated : 24 Aug 2022, 06:22 PM

বরগুনা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার নিদ্রারচর এলাকায় রোববার রাতে সাগরে উপকূলরক্ষী বাহিনীর (কোস্টগার্ড) সঙ্গে একদল জলদস্যুর বন্দুকযুদ্ধ হয়েছে। এতে কোস্টগার্ডের ট্রলারের মাঝি মারা গেছেন। দস্যুরা ১০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানিয়েছেন পাথরঘাটা পাথরঘাটা কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার আবদুর রশিদ খান। নিহত মাঝির নাম- জয়নাল আবেদীন সিকদার (৩৫)। তিনি পাথরঘাটা উপজেলার বড় পাথরঘাটা গ্রামের আবুল কাসেম সিকদারের ছেলে। কোস্টগার্ড কর্মকর্তা রশিদ জানান, জেলেদের ওপর জলদস্যুদের হামলার খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল নিন্দ্রারচর এলাকায় ছুটে যায় এবং দস্যুদের ধাওয়া করে জেলেদের উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়। প্রায় ২০-২৫ মিনিট স্থায়ী এই বন্দুকযুদ্ধের এক পর্যায়ে জয়নালের কপাল ও হাতে জলদস্যুদের গুলি লাগে। তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য কোস্টগার্ড সদস্যরা পিছিয়ে আসে। এই সুযোগে জলদস্যুরা পালিয়ে যায়। কোস্টগার্ডের ১০৮ রাউন্ড গুলির জবাবে দস্যুরা প্রায় সাড়ে পাঁচশ' রাউন্ড গুলি ছোড়ে বলে দাবি করেন কোস্টগার্ড কর্মকর্তা। তালতলী থানার উপ-পরিদর্শক মো. মাসুদ জানান, রোববার রাত সাড়ে নয়টার দিকে কালো পোশাক পড়া ৩০/৩৫ জনের এক দল জলদস্যু নিদ্রারচর এলাকায় হানা দেয়। আবুল কালাম, বাবুল হোসেন, ইসমাইল আকন, কামাল হোসেন, সাধন মণ্ডল, সুদেব, মাসুদুর রহমান, জাহাঙ্গীর হোসেন, দেবব্রত ও ডাবলু নামে ১০ জেলেকে ধরে নিয়ে যায়। জলদস্যুদের গুলিতে মাঝি নিহত ও জেলে অপহরণের প্রতিবাদে সোমবার থেকে পাথরঘাটার মৎস্য শ্রমিক ইউনিয়ন ও ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেছেন। জেলা মৎস্য শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কোস্টগার্ডের অবহেলার কারণে জয়নাল মারা গেছেন। তারা জলদস্যুদের আটক ও প্রতিহত না করা পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন। পাথরঘাটাসহ উপকূলীয় এলাকা থেকে জলদস্যুদের হাতে প্রায় অপহৃত হন জেলেরা। তাদেরকে মুক্তিপণ দিয়ে ফিরতে হয়। উপকূলে তৎপর এসব দস্যুদের আস্তানা সুন্দরবনসহ আশপাশের দুর্গম এলাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭১০ ঘ.