ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট, নড়াইল ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে সোমবার বাগেরহাটের রামপাল উপজেলায় পিকআপ ভ্যান চাপায় একজন নিহত হন। নড়াইলে পৃথক দুঘটনায় মারা যান তিনজন। গাজীপুরে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হন।
এর আগে রোববার রাতে গাজীপুর সদরের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে ট্রাক ও লেগুনার মুখোমখি সংঘর্ষে লেগুনা চালকসহ মারা গেছেন পাঁচজন। যাত্রীরা ইজতেমা থেকে বাড়ি ফিরছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: সকাল সোয়া সাতটার দিকে উপজেলার খুলনা-মংলা মহাসড়কের ভাগা বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যান চাপায় মারা গেছেন কবির শেখ (৩৫) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার কুমলাই গ্রামের বাসিন্দা।
রামপাল থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নড়াইল: সকাল সাড়ে ১০ টার দিকে নড়াইল-যশোর সড়কের আবাদের মোড় নামক স্থানে বাস খাদে পড়ে মারা গেছেন সাব্বির হোসেন (৪৫)। তিনি যশোর শহরের কোতয়ালি থানার আর এন রোড এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- হাতেম আলী (৪৫), বিশ্বজিৎ (৩৫), সাথী (২৫), তরিকুল ইসলাম (২৬), রফিকুল ইসলাম (৪৫), টিটো (৩৪), পারভিন (৩৮), মোসলেম শেখ (৬০), আব্দুল গফফার (৪৫) ও জামির হোসেন (৬৬)।
নড়াইল সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খায়রুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে যশোর থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস আবাদের মোড় নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাব্বির মারা যান।
আহতদের মধ্যে চারজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা চৌরাস্তায় সড়ক দূর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার নাওরা গ্রামের ইকরাম শেখের ছেলে আজিজুর রহমান (২) ও রাজুপুর গ্রামের ফুল মিয়া বিশ্বাস (৬০)।
দুর্ঘটনায় আহত আজিজুরের মা নাসরিন বেগম ও উপজেলার চালিতাতলা গ্রামের রোজিনাকে (৩০) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা তিনটি বাস ভাংচুর করে এবং বিকাল ৫টা পর্যন্তনড়াইল-কালনা সড়ক অবরোধ করে রাখে বলে জানিয়েছেন লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জি জি বিশ্বাস।
তিনি জানান, উপজেলার লক্ষ্মীপাশা চৌরাস্তায় নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী নাসরিন বেগমের কোল থেকে তার ছেলে আজিজুর রাস্তায় পড়ে যায়। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুটি মারা যায়। আহত ফুল মিয়া বিকেলে যশোরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এসআই জানান, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
গাজীপুর: সোমবার ভোর ৫টার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের মীরের বাজার এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখী সংঘর্ষে ইজতেমা ফেরত মুসুিল্ল আমীর আলী (৬৫) মারা যান। তার বাড়ি সিলেটের কানাইঘাট এলাকায়।
এছাড়া গাজীপুরের কালীগঞ্জের বান্ধাখোলা জামতলা এলাকায় কালীগঞ্জগামী অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হন।
এরা হলেন- গাজীপুর সদরের বোর্ডবাজার এলাকার মাংস ব্যবসায়ী মনির হোসেন (৪০) ও একই এলাকার সৈয়দ আলী (৬৫)।
কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশগুলো গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রোববার রাতে ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে নিতহরা হলেন- লেগুনাচালক গাজীপুর সদরের সালনা এলাকার সাহাবুদ্দিন মোল্লা (১৯), শ্রীপুরের শিমুলতলা এলাকার আব্দুল হামিদ (৬০), একই এলাকার সিরাজ উদ্দিন (৬০), হাফিজ উদ্দিন (৫৫) ও আমিরুল ইসলাম (৪৫)।
লেগুনায় করে ইজতেমা মাঠ থেকে গাজীপুরের শ্রীপুরে গ্রামের বাড়ি ফেরার পথে রোববার রাত ১১টার দিকে তারা ওই দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী মাছভর্তি একটি ট্রাকের সঙ্গে লেগুনাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লেগুনাচালক সাহাবুদ্দিন, যাত্রী আব্দুল হামিদ ও সিরাজ উদ্দিন মারা যান। গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাফিজ উদ্দিন ও আমিরুল ইসলাম।
আহতদের মধ্যে শ্রীপুরের সাখাওয়াত হোসেন (৩০), নুরুল ইসলাম (৪৫) নাজিম উদ্দিন (৩০), মফিজ উদ্দিন (৫৫), সিদ্দিকুর রহমানকে (৪৫) গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইমতিয়াজ (৩৫), নাজমূল (৩৫), ইব্রাহিম (৪৫) ইমরুল (২৫) ,আব্দুর রশিদকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৯৫০ ঘ.
bdnews24