২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে আরো ১৮ জওয়ানের দোষ স্বীকার

ফেনীতে বিদ্রোহের মামলায় সোমবার আরো ১৮ জওয়ান দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 08:02 AM

Updated : 24 Aug 2022, 06:22 PM

ফেনী, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে বিদ্রোহের মামলায় সোমবার আরো ১৮ জওয়ান দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। এ নিয়ে অভিয্ক্তু ৬২ জওয়ানের মধ্যে মোট ৫৮ জন দোষ স্বীকার করলেন বলে ১৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক ও আদালতের প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাহউদ্দিন দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন। রোববার ৪০ জন জওয়ান দোষ স্বীকার করেন। জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্করে ১৯ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিডিআর'র বিশেষ আদালতে সোমবার সকাল ১০টায় কার্যক্রম শুরু হয়। এর আগে রোববার মামলার অভিযোগ গঠন করা হয়। বিচার কাজ পরিচালনা করছেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। তাকে সহায়তা করছেন লেফটেন্যান্ট কর্নেল মো. আখাতারুজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট মো. ফরহাদ আহমদ। গত ২০ ডিসেম্বর অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে ফেনীতে ৬২ বিডিআর সদস্যের বিচার শুরু হয়। পরদিন আসামিদের আত্মপক্ষ সমর্থনের সময় দিয়ে আদালত মুলতবি করা হয়। ফেনীতে বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত আরো দুই জনের বিচার প্রচলিত আইনে হবে। আসামিদের সবাই ফেনী কারাগারে রয়েছেন। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পরদিন ফেনী ১৯ রাইফেলস ব্যাটালিয়নসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের জওয়ানরা বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ফেনীর বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ, তারা গুলি ছুড়ে, সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সারাদেশে বিদ্রোহের মামলাগুলো চলছে বিডিআর আদালতে। পিলখানার হত্যা ও লুণ্ঠনের মামলা চলবে প্রচলিত আইনে বিশেষ ট্রাইব্যুনালে। বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। এতে সাড়ে তিন হাজার জওয়ানের বিচার হচ্ছে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে। বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৩৫৬ ঘ.