২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের বিভিন্ন পদে রদবদল

উপসচিবসহ বেশ কয়েকটি পদে রদবদল করেছে সংস্থাপন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 04:12 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপসচিবসহ বেশ কয়েকটি পদে রদবদল করেছে সংস্থাপন মন্ত্রণালয়। রোববার এসব রদবদলের আদেশ জারি করা হয়। উপসচিবদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হোসনে আরাকে সংস্থাপন মন্ত্রণালয়ে এবং মন্ত্রিপরিষদ বিভাগের আনিস আহমেদকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। এরআগে আনিস আহমেদকে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) প্রশিক্ষণ উপদেষ্টা হিসেবে বদলি করা হয়েছিল। তার ওই বদলির আদেশটি বাতিল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এমদাদুল হককে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কাউন্সিলর (শ্রম), সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক রেজাউল হায়দারকে একই দপ্তরের অতিরিক্ত পরিচালক এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব মাহবুবুর রহমানকে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মহাব্যবস্থাপক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরিদুজ্জামান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মেজর মোহাম্মদ শফিউল আজম এবং জরিপ অধিদফতরের সার্ভে সুপার মেজর এসডিএম বদরুজ্জামান খানকে প্রত্যাহার করে তাদের চাকরি সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে। সেনাবাহিনীর এসব কর্মকর্তারা এতদিন ওই পদগুলোতে প্রেষণে নিয়োজিত ছিলেন। বিসিএস প্রশাসন একাডেমির সহকারী পরিচালক ইফতেখার উদ্দিন শামীমকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং ওএসডি সহকারী সচিব ম্যা ম্যা চিংকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য ওই দুটি কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে, কুমিল্লা সদর (দক্ষিণ) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিনা হাসিনকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/২০০৭ ঘ.