সুনামগঞ্জ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জ্বালানি তেল ব্যবসায়ীরা রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ডিপো থেকে তেল উত্তোলন ও বিক্রি বন্ধ করে দিয়েছেন।
সুরমা মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির বার্জ ডিপো অপসারণ এবং একই স্থানে যমুনা অয়েল কোম্পানির স্থায়ী ডিপো স্থাপনের দাবিতে জ্বালানি তেল পরিবেশক সমিতি এই ধর্মঘট ডেকেছে।
জামাগগঞ্জ উপজেলা জ্বালানি তেল পরিবেশক সমিতির নেতারা জানান, উপজেলার সাচনাবাজার এলাকায় সুরমা নদীতে মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির বুড়িগঙ্গা ফ্লোটিং পাম্পের বার্জ ডিপো অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করছে। এতে যমুনা ডিপোর স্থানীয় ডিলাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা দাবি করেন।
তারা জানান, এ বিষয়ে অর্থমন্ত্রী, স্থানীয় সাংসদ, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। তাদের সঙ্গে এ নিয়ে বৈঠকও করেছেন সমিতির নেতারা। কিন্তু সরকারের পক্ষ থেকে মেঘনার বার্জ ডিপো অবসারণের কোনো উদ্যেগ নেওয়া হচ্ছে না।
উপজেলা জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, "উপজেলার ২৭ জন ডিলার রোববার কোনো তেল উত্তোলন করেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তেল উত্তোলন ও বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।"
যমুনা অয়েল কোম্পানি জামালগঞ্জ ডিপোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. ফখরুজ্জামান জানান, ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে তেল উত্তোলন বন্ধ রয়েছে। প্রতিদিন ডিলারদের মাধ্যমে এই ডিপো থেকে এক লাখ ২৫ হাজার লিটার কোরোসিন ও ডিজেল সরবরাহ করা হয়।
তেল উত্তোলন ও বিক্রি বন্ধের ঘোষণায় সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকরা পড়েছেন বিপাকে। হাওরাঞ্চলের ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্বরপুর উপজেলায় তেল সরবরাহ হয় জামালগঞ্জ থেকে।
এছাড়া জামালগঞ্জ থেকে কিশোরগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও সিলেটর কয়েকটি এলাকায় তেল সরবরাহ করা হয়।
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বলেন, বোরো মৌসুম চলছে। ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হাওর এলাকার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪০ ঘ.
bdnews24