২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজেকে ভূমি দখলকে কেন্দ্র করে পাহাড়ী-বাঙালি উত্তেজনা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পুনর্বাসিত বাঙালির হাতে পাহাড়িদের কথিত ভূমি বেদখলকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তেজনার সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 07:49 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

রাঙামাটি, ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পুনর্বাসিত বাঙালির হাতে পাহাড়িদের কথিত ভূমি বেদখলকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তেজনার সৃষ্টি হয়। সাজেক ইউনিয়নের বাঘাইহাট ও গঙ্গারাম মুখ এলাকায় দু'পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেওয়ায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়। এদিকে কথিত দখল করা ভূমি ফেরত দেওয়া ও সাজেকে সেনাবাহিনীর 'হস্তক্ষেপ' বন্ধসহ চার দফা দাবিতে এবং সৈন্যদের হাতে ৮ আদিবাসী আহত হওয়ার প্রতিবাদে রোববার দীঘিনালা-বাঘাইছড়ি-বাঘাইহাট সড়কে অবরোধ ডাকা হয়েছে। শনিবার সাজেক নারী সমাজ নামে একটি সংগঠনের উদ্যোগে বাঘাইছড়ি উপজেলা সদরে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ শেষে এ সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। বাঘাইহাটের স্থানীয় লোকজন ও বিভিন্ন সূত্রে জানা গেছে, পুনর্বাসিত বাঙালি কর্তৃক সাজেক ইউনিয়নের বাঘাইহাট ও গঙ্গারাম মুখ এলাকায় ভূমি দখল করে ঘরবাড়ি নির্মাণ করার ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাঘাইহাট বাজারে পাহাড়ি ও বাঙালিরা একশ' গজের মধ্যে মুখোমুখি অবস্থান নেয়। পুলিশ ও সেনা সদস্যরা খবর পেয়ে সেখানে গিয়ে উভয়কে নিয়ন্ত্রণে আনে। জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। উভয় দলকে ওই স্থান থেকে যার যার গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি জানান, ঘটনার সময় গঙ্গারামমুখ এলাকার একটি ব্রিজের পাটাতন তুলে ফেলা হয় বলে প্রত্যক্ষদর্শী কমল চাকমা তাকে জানিয়েছেন। এছাড়া খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ তাকে জানান, বেশ কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। সাজেক নারী সমাজ নেত্রী শর্মিলা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক বাতায়ন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাজেকে 'অনুপ্রবেশকারী' বাঙালিদের অন্যত্র সরিয়ে নেওয়া ও 'সেনা নির্যাতন' বন্ধসহ বিভিন্ন দাবিতে সাজেক নারী সমাজের ডাকা গত ১৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আদিবাসীরা বাঘাইহাট বাজার বয়কট কর্মসূচি পালন করছিল। এর পর ২১ জানুয়ারি সেনা সদস্যরা দুই আদিবাসী যুবক কালাবিজা চাকমা ও কর্ণময় চাকমাকে বাঘাইহাট সেনা জোনে মারধর করে। তারা দাবি করেন, সেনা সদস্যরা সেদিনই বিকালে বাঘাইহাটের লাদুমনি বাজারের আদিবাসীদের ওপর মারধর করলে ৮ জন আহত হয়। খাগড়াছড়ি ব্রিগেডের একজন সেনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সেনাবাহিনী কর্তৃক এ ধরণের হামলার কথা অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/০২৩৫ঘ.