ঢাকা জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের পরিবার থেকেই নাগরিক অধিকার বাস্তবায়ন শুরু করার আহবান জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শনিবার বিকালে নাগরিক অধিকার মেলা ২০১০ সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, "নাগরিক অধিকার উপলদ্ধি ও বাস্তবায়ন একটি দীর্ঘমেয়াদী শৃঙ্খলার বিষয়। অনেক ক্ষেত্রে পুরনো চিন্তা ও ধ্যানধারণার পরিবর্তন জরুরি। এ কারণেই এই পরিবর্তনটা আমাদের ব্যক্তিগতভাবে শুরু করতে হবে। তাহলেই সামাজিক বিবর্তনটা সহজে বাস্তবায়িত হবে।"
নাগরিক অধিকার মেলা প্রসঙ্গে আশাবাদের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "পাশ্চাত্যের অনুকরণে এ জাতীয় মেলা শুরু হলেও অধিকার আদায়ের যে আন্দোলন শুরু হয়েছে, এটি সমাজের জন্যে মঙ্গলজনক। সমাজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে তা সহায়ক হবে।"
শিল্পকলা একাডেমীতে দুদিন ব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠানে নির্ধারিত বক্তা হিসাবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান, সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সিএমইএস প্রধান মোহাম্মদ ইব্রাহিম, ব্র্যাকের মাহবুব হোসাইন, নারীপক্ষের শিরিন হক ও নিজেরা করির খুশী কবির।
বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এ মেলার আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24